অপরাধ

অস্ত্রের মহড়া, ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত ‘ফোর স্টার’

গ্রেপ্তার ৬

অস্ত্রের মহড়া, ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত ‘ফোর স্টার’

রাজধানীর মিরপুরে আলোচিত ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার পল্লবী ও রূপনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এসআরবি-৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার সেকশন-১২ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শেখ ওসমান গনি সোহাগ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ‘ফোর স্টার’ গ্রুপের মশিউর পক্ষের অস্ত্রধারী সদস্য বলে জানিয়েছে এসআরবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রুপটির সদস্যরা পল্লবী, মিরপুর, শাহ আলী ও কাফরুলসহ আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে এসব অস্ত্র ব্যবহার করতেন। আধিপত্য বিস্তারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করতেন তাঁরা। পাশাপাশি বিভিন্ন পেশাদার অপরাধীর কাছে ভাড়ায় অস্ত্র সরবরাহের অভিযোগও রয়েছে। সোহাগের বিরুদ্ধে পল্লবী ও তেজগাঁও থানায় অস্ত্র, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে বলে প্রাথমিক তথ্য পেয়েছে এসআরবি।

সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রূপনগরের শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে গ্রুপটির আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. রনি ব্যাপারী (৩৫), মো. রনি (২৬), মো. হাসিব (২৭), মো. ইমন মোল্লা (২৫) ও মো. সৌরভ বেপারী (১৯)।

এসআরবি জানায়, অভিযানের সময় সাত থেকে আটজনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, ১২টি রামদা ও চাকু, দুটি সামুরাই, ৩০টি ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রনি ব্যাপারীর বিরুদ্ধে ডাকাতি ও মারামারিসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি। অপর গ্রেপ্তার রনি মিরপুরের ফোর স্টার গ্রুপের সদস্য ‘বোমা কাল্লু’র ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করা হয়েছে। হাসিবের বিরুদ্ধে একটি প্রতারণার মামলার তথ্য পাওয়া গেছে।

এসআরবি-৪-এর দাবি, গ্রেপ্তার ছয়জনই ‘ফোর স্টার’ গ্রুপের মশিউর পক্ষের ছত্রছায়ায় থেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:এসআরবি ফোর স্টার গ্রুপ সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…