সবশেষ ২০২৩ সালে পিএসজিতে একসঙ্গে খেলেছিলেন লিওনেল মেসি ও নেইমার। পরে দুজন হেঁটেছেন দুই পথে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন বিশ্বজয়ী মেসি, সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লেখান ব্রাজিলীয় নেইমার। দুজনের পথ দুদিকে বেঁকে গেলেও নেইমার আবার একসঙ্গে হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আশা করি হয়তো আবার আমরা একসঙ্গে খেলবো। লিও খুবই ভালো মানুষ। ফুটবলের সবাই তাকে চেনে। মনে করি মিয়ামিতে ভালো আছে। খুশি আছে। সে খুশি থাকলে আমিও খুশি।’
ব্রাজিলের কোনো ক্লাবের হয়ে খেলে অবসর নিতে চান কিনা এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে যুক্তরাষ্ট্রে খেলার আগ্রহের কথা জানান ৩২ বর্ষী নেইমার, ‘আসলে আমি ঠিক জানি না। যদিও এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আসলেও এটা জানি না যে আবার কখনো ব্রাজিলে খেলবো কিনা। আমার মনে হয় যুক্তরাষ্ট্রে খেলতে ভালো লাগবে। অন্তত একটি মৌসুম।’
মেসি ও নেইমার একইসঙ্গে বার্সেলোনায় কাটিয়েছেন টানা ছয় মৌসুম। সেখানে তাদের সঙ্গে খেলেছিলেন সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ।তারা সবাই এখন মিয়ামির মাঠই মাতাচ্ছেন।







