কিছু ঠিকঠাক থাকলে কয়েক ঘণ্টা পরই মাঠে নামার কথা ছিল মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম পর্বের প্রথম লেগে স্পোর্টিং কেসির মুখোমুখি হওয়ার কথা ছিল লিওনেল মেসিদের। সেটা হচ্ছে না। বাজে আবহাওয়ার কারণে পিছিয়ে গেছে ইন্টার মিয়ামি ও স্পোর্টিং কেসি ম্যাচ।
বিবৃতিতে কনক্যাকাফ কর্তৃপক্ষ জানিয়েছে, চিলড্রেন মার্সি পার্কের ম্যাচটির নতুন সময় বুধবার সন্ধ্যা ৭টায়। অর্থাৎ, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হবে মাঠের লড়াই।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা শীতকালীন ঝড়ের পূর্ব সতর্কতা জারি করেছে। সেই অঞ্চলের মধ্যে রয়েছে পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব কানসাসের কিছু অংশ এবং কেন্দ্রীয় ও পশ্চিম-মধ্য মিসৌরি। আবহাওয়া পূর্বাভাস বলছে, মঙ্গলবার এসময় ১০ ইঞ্চি তুষারপাত হতে পারে এবং মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে তাপমাত্রা।
মিয়ামির চেজ স্টেডিয়ামে ম্যাচের ফিরতি লেগ হবে ২৫ ফেব্রুয়ারি। বিজয়ী দল তারপর শেষ ষোলোয় জ্যামাইকার ক্যাভেলিয়ারের মুখোমুখি হবে।







