নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুইজারল্যান্ডে বিক্ষোভ

ছবি: সংগৃহীত
নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে রাজপথে নেমেছেন শত শত পুরুষ। এ সময় নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের আরও সোচ্চার ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শনিবার (১৪ নভেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনের সামনে ‘মেন এগেইনস্ট ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ শীর্ষক এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কিশোর ও তরুণদের মধ্যে অনলাইনে নারীবিদ্বেষী মনোভাব ছড়িয়ে পড়ার উদ্বেগ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, নারীর প্রতি বিদ্বেষ ও সহিংসতা মোকাবিলায় পুরুষদেরই আরও সোচ্চার হতে হবে। অনলাইনে নারীবিদ্বেষী বক্তব্য ও হুমকির বিরুদ্ধে পুরুষদের শক্তিশালী অবস্থান তৈরি করা জরুরি।
সমাবেশের অন্যতম আয়োজক এবং ‘মেনার’ নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত ৪২ বছর বয়সী সমাজকর্মী ক্রিস্টোফ গোস্তেলি বলেন, ‘নারী ও সমকামী মানুষের প্রতি সহিংসতার সমস্যার অংশ আমরা পুরুষেরাও। তাই আমাদের অবস্থান পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। আমরা আর সমস্যার অংশ হতে চাই না, বরং সমাধানের অংশ হতে চাই।
অনলাইনে ডানপন্থী ‘ম্যানোস্ফিয়ার’ বা পুরুষতান্ত্রিক আধিপত্যবাদী বিভিন্ন ফোরাম ও প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে নারীবিদ্বেষী মনোভাব ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এসব গোষ্ঠী পুরুষের শ্রেষ্ঠত্ব এবং নারীবাদের বিরোধিতা করে থাকে।
গত জুনে জুরিখ বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের পুরুষ ও পিতাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়কারী সংস্থা মেনকেয়ার একটি জরিপ প্রকাশ করে। এতে দেখা যায়, ১৮ থেকে ২৪ বছর বয়সি পুরুষ উত্তরদাতাদের অর্ধেকই পুরুষত্ব সম্পর্কে ‘সংকীর্ণ ও আধিপত্যভিত্তিক’ ধারণা পোষণ করেন। তাদের মধ্যে এমন উদ্বেগও রয়েছে যে সমাজে ‘প্রকৃত পুরুষেরা’ ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছেন।
জরিপের গবেষকেরা মনে করেন, সহিংসতাকে উৎসাহিত করে এমন পুরুষত্বের ধারণা নিয়ে সমাজজুড়ে ধারাবাহিক আলোচনা প্রয়োজন। এ আলোচনা স্কুল থেকেই শুরু করার সুপারিশ করেছেন তারা।
নারীর প্রতি অনলাইনে সহিংসতা ও হয়রানির ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে সুইজারল্যান্ডের সরকারের। এ মাসের শুরুর দিকে এ বিষয়ে আয়োজিত একটি সম্মেলনে অংশ নেন দেশটির বিচারমন্ত্রী বিট ইয়ান্স।
এর আগে ২ নভেম্বর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশটিতে সংঘটিত সহিংস অপরাধের পাঁচ ভাগের চার ভাগই পুরুষেরা করেন। ধর্ষণের ঘটনায় এ হার ৯৯ শতাংশ পর্যন্ত।
বিট ইয়ান্স আরও বলেন, সব পুরুষ এমন নন। কিন্তু আমাদের এটাও স্বীকার করতে হবে, প্রায় প্রতিবারই অপরাধী পুরুষ। পুরুষের সহিংসতা প্রথম আঘাত দিয়ে শুরু হয় না, শুরু হয় অবমাননাকর মন্তব্য দিয়ে। পুরুষ হিসেবে আমাদের সবারই দায়িত্ব রয়েছে।






