বিনোদন

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

পল্লীকবি জসীম উদ্দীনের সুর-স্মৃতি নিয়ে ‘মাস্তুল’-এর প্রচারণার গান, কণ্ঠে ফজলুর রহমান বাবু

চ্যানেল আই অনলাইন সংবাদে বাবু গানের রেকর্ডিংয়ে অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবু গানের প্রচারণার জন্য রেকর্ডিং স্টুডিওতে অংশগ্রহণ করেন, যেখানে তিনজন ব্যক্তি আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৭ জুলাই মুক্তি পাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’। প্রথম পোস্টার প্রকাশের পর এবার উন্মোচিত হলো সিনেমাটির প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলিরে…’।

পল্লীকবি জসীম উদ্দীনের কালজয়ী লেখা একটি লাইনই যেন বহন করে নদী, ভেসে থাকা মানুষ আর জীবনের অনিবার্য যাত্রার দীর্ঘ স্মৃতি। সেই চিরচেনা আবেগ এবার যুক্ত হয়েছে ‘মাস্তুল’-এর জগতে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। নির্মাতার মতে, এটি কেবল একটি প্রচারণার গান নয় বরং সিনেমাটির আবহ, চরিত্রদের অন্তর্জগৎ এবং নদীকেন্দ্রিক জীবনের অনুভূতিকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার একটি শিল্পভাষা।

ফজলুর রহমান বাবুর সঙ্গে নির্মাতা

‘মাস্তুল’-এর প্রমোশন গান নিয়ে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বলেন,“আমি মোটেও গায়ক না। থিয়েটারে অভিনয়ের জন্য কণ্ঠ প্রস্তুত করতে গিয়ে আমার গান গাওয়ার শুরু। গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা সিনেমায় গান গাওয়ার পর মানুষের ভালোবাসা পেয়ে  আমার কনফিডেন্স বেড়ে গেছে। আর মাস্তুলের এই প্রচারণার গানটা আমার নিজের বাড়ি ফরিদপুরের পল্লী কবি জসিম উদ্দিনের কালজয়ী রচনা। সেই সাথে এই চলচ্চিত্রের আবহের সাথেও গানটা খুবই মানানসই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো-মন্দ শ্রোতারা বিচার করবে।” 

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, ‘মাস্তুল’-এর প্রচারণার প্রতিটি উপাদানেই সিনেমার আত্মাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। পোস্টারের পর গান প্রকাশের লক্ষ্যও ছিল দর্শককে সিনেমার আবহের আরও কাছাকাছি নিয়ে আসা।

‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানীবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরের প্রান্তিক মানুষের জীবন, একাকীত্ব, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব ও টিকে থাকার গল্প। সেই বাস্তবতাকেই যেন আরও গভীর করে তোলে ‘আমায় ভাসাইলিরে…’।  

নূরুজ্জামানের 'মাস্তুল' মুক্তির জন্য দল ও দর্শকদের শুভেচ্ছা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবিতে মাস্তুল টিম

ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ‘মাস্তুল’ অর্জন করেছে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ এবং রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার।

‘মাস্তুল’-এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যাসহ অনেকে।

মাস্তুল এর সিনেমাটোগ্রাফি সামলেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন, সংগীতে চৈতন্য রাজবংশী, কাস্টিং ডিরেক্টর যুবরাজ শামীম এবং প্রচারণার গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় যুক্ত রয়েছে টঙঘর টকিজ।

বিষয়:গান জসিম উদ্দিন ফজলুর রহমান বাবু বাবু মাস্তুল মোহাম্মদ নূরুজ্জামান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…