এক বোহেমিয়ান কবির গল্প

বাংলা কবিতার জগতে শক্তি চট্টোপাধ্যায় এক ব্যতিক্রমী নাম। প্রচলিত ছন্দ, ভাষা ও কবিতার রীতিকে ভেঙে নিজের মতো করে তৈরি করেছিলেন আলাদা এক কাব্যভুবন। তার কবিতায় যেমন ছিল প্রেম, প্রকৃতি ও নিঃসঙ্গতা, তেমনি ছিল ক্ষোভ, বিদ্রোহ আর জীবনের প্রতি গভীর টান। কবি হিসেবে তিনি ছিলেন স্বতন্ত্র, ব্যক্তি জীবনেও ছিলেন প্রচলিত নিয়মের বাইরে চলা এক বোহেমিয়ান মানুষ।
১৯৩৩ সালের ২৫ নভেম্বর জন্ম নেয়া কবি ১৯৯৫ সালের ২৩ মার্চ বিশ্বভারতীর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটি বক্তৃতা দেওয়ার কয়েক ঘণ্টা পর মারা যান! মৃত্যুর এত বছর পরও বাংলা কবিতার পাঠকের কাছে তার আবেদন একটুও ফিকে হয়নি।
শক্তি চট্টোপাধ্যায়ের কবি হয়ে ওঠার সময়টা ছিল ষাটের দশক। তখন বাংলার সমাজে দারিদ্র্য, বেকারত্ব, দেশভাগের ক্ষত ও নানা রাজনৈতিক অস্থিরতা মানুষের জীবনকে প্রভাবিত করছিল। এর মধ্যেই তরুণদের মধ্যে পুরোনো সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো ভেঙে নতুন কিছু করার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছিল। বাংলা কবিতাও সেই পরিবর্তনের বাইরে ছিল না।
এমন এক সময়ে শক্তি চট্টোপাধ্যায় ও তার সমমনা কয়েকজন কবি প্রচলিত কাব্যরীতির বাইরে গিয়ে লিখতে শুরু করেন। তাদের কবিতায় উঠে আসে সাধারণ মানুষের জীবন, তারুণ্যের হতাশা, ক্ষোভ, প্রেম ও বিদ্রোহ। রবীন্দ্রনাথের বিশাল সাহিত্যিক প্রভাবের বাইরে নিজেদের ভাষা ও প্রকাশভঙ্গি তৈরি করতে চেয়েছিলেন তারা। এই ধারার সঙ্গে যুক্ত ছিল ‘হাংরি জেনারেশন’ সাহিত্য আন্দোলন। শক্তি চট্টোপাধ্যায় ছিলেন এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ।
প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করতে পারেননি শক্তি। চাকরিতেও থিতু হতে পারেননি। সংসার ও নিয়মের বাঁধন থেকে বারবার বেরিয়ে পড়ার প্রবণতা ছিল তার। কখনো হঠাৎ বাড়ি ছেড়ে চলে যেতেন, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠতেন, কখনো হারিয়ে যেতেন প্রকৃতির কাছে। তার এই বোহেমিয়ান জীবনযাপন তাকে ঘিরে তৈরি করেছিল এক রহস্যময় বিদ্রোহী কবির ভাবমূর্তি। তবে শেষ পর্যন্ত তাকে আলাদা করে চিনিয়েছে তার কবিতাই।
বিদ্রোহী পরিচয়ের বাইরে প্রেমের কবি
শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার অন্যতম বড় বৈশিষ্ট্য ছিল প্রেম। বাংলা সাহিত্যে প্রেমের কবি হিসেবেও তিনি বিশেষ জায়গা করে নিয়েছেন। একজন নারীর প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি লিখেছিলেন অসংখ্য কবিতা। তার কবিতায় প্রেম কখনো নিবিড়, কখনো বিষণ্ন, কখনো আবার বিচ্ছেদ ও অপেক্ষায় পূর্ণ।
ষাটের দশকের শুরুতে প্রকাশিত হয় তার ‘হে প্রেম, হে নৈঃশব্দ্য’। একই সময়ে বিনয় মজুমদারের ‘ফিরে এসো, চাকা’ এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘একা এবং কয়েকজন’ বাংলা কবিতায় নতুন আলোচনার জন্ম দেয়। এই তিনটি কাব্যগ্রন্থই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। শক্তি চট্টোপাধ্যায় দ্রুতই বাংলা কবিতার অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন।
রবীন্দ্রনাথের গান তিনি সারা জীবন গেয়েছেন। তার কণ্ঠ ছিল গভীর ও মায়াময়। অথচ কবিতার ভাষায় তিনি নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। রবীন্দ্রপ্রভাবের বাইরে গিয়ে নিজের অভিজ্ঞতা, অনুভূতি ও সময়কে ধারণ করেছেন কবিতায়। তার লেখায় প্রকৃতি যেমন এসেছে, তেমনি এসেছে মানুষের ভেতরের অস্থিরতা ও অস্তিত্বের সংকট।
আড্ডা, বন্ধুত্ব আর বোহেমিয়ান জীবন
কবি শক্তি চট্টোপাধ্যায়কে যারা কাছ থেকে দেখেছেন, তাদের স্মৃতিতেও উঠে এসেছে তার বিচিত্র জীবনযাপনের গল্প। সমসাময়িক কবি প্রদীপ চৌধুরী এক স্মৃতিচারণায় জানিয়েছেন, শক্তি তার বয়সে বড় হলেও তাদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। কলকাতার পান্থনিবাস হোটেলে থাকার সময় প্রায় প্রতিদিনই আড্ডা দিতে আসতেন শক্তি। সঙ্গে থাকত মদের বোতল ও মাংসের খাবার। আড্ডায় গল্প করতেন, নিজের কবিতা পড়ে শোনাতেন।
একদিন কলকাতার কফি হাউসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হঠাৎ প্রদীপ চৌধুরীকে বলেছিলেন, ‘চলো শান্তিনিকেতন যাই।’ সেদিন সন্ধ্যার ট্রেনেই তারা রওনা হন। রাত ১১টার দিকে পৌঁছে ওঠেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কালো বাড়িতে। পরদিনই ফিরে আসেন কলকাতায়। এমন খামখেয়ালি সিদ্ধান্তই ছিল শক্তির জীবনযাপনের অংশ। তার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল, তবে তাদের সব আড্ডার বিষয় যে কবিতা ছিল, তা নয়।
মৃত্যুর পরও পাঠকের কাছে জীবন্ত
শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার স্থায়িত্বই তার জনপ্রিয়তার বড় প্রমাণ। মৃত্যুর তিন দশক পেরিয়েও তার কবিতা নতুন পাঠকের কাছে পৌঁছাচ্ছে। তার কবিতার প্রেম, বিষণ্নতা, প্রকৃতির প্রতি আকর্ষণ কিংবা জীবনের প্রতি এক ধরনের উদাসীন বিদ্রোহ আজও পাঠককে টানে।
লেখক মিমলু সেন তার ‘বাউলস্ফিয়ার’ বইয়ে শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম দেখা হওয়ার একটি স্মৃতি তুলে ধরেছেন। বোলপুরের জয়দেব মেলায় বাউল আখড়ায় এক রাতে মাতাল অবস্থায় হাজির হয়েছিলেন শক্তি। নিজের পরিচয় দিয়েছিলেন বাংলার কবি হিসেবে। তরুণ বয়সে তার সেই আত্মপরিচয় হয়তো কারও কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু তার কবিতার দীর্ঘস্থায়ী আবেদন প্রমাণ করে, সেই আত্মবিশ্বাস একেবারে অমূলক ছিল না।
একজন কবির জীবন ও কবিতার মধ্যে যে দূরত্ব থাকে, শক্তি চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তা যেন অনেকটাই মুছে গিয়েছিল। তার বোহেমিয়ান জীবন, প্রেম, প্রকৃতির প্রতি আকর্ষণ এবং প্রচলিত নিয়ম ভাঙার প্রবণতা সবকিছু মিলেই তৈরি হয়েছিল এক অনন্য কবিসত্তা। তাই মৃত্যুর পরও শক্তি চট্টোপাধ্যায় কেবল বাংলা কবিতার ইতিহাসের একটি নাম নন, তিনি আজও পাঠকের অনুভূতি ও কল্পনায় জীবন্ত। স্ক্রল.ইন





