ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে বার্সেলোনার বিপক্ষে জিতে ইউরোপা লিগের শেষ আটে ওঠা ম্যানচেস্টার ইউনাইটেড যেকাউকে হারাতে পারে। রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগ এমন বিশ্বাসই রাখছেন।
বৃহস্পতিবার রাতকে দুর্দান্ত অভিহিত করেছেন ইউনাইটেডের কোচ। বলেছেন, ‘এটি আরেকটি পদক্ষেপ। কারণ যখন বার্সেলোনাকে হারাতে পারেন, তখন যেকাউকে হারাতে পারবেন। আপনার সত্যিই এমন জোরাল বিশ্বাস থাকতে পারে।’
ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। চলতি মৌসুমে খেলছে ইউরোপা লিগে। হারানো গর্ব ফিরে পেতে দুরন্ত গতিতেই ছুটছে টেন হাগের দল।
ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে গত বছরের সেপ্টেম্বর থেকে টানা ১৮ ম্যাচে অপরাজিত আছে। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ জানতে ১৭ মার্চের ড্র পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।








