দরপত্রে শর্ত না থাকলেও পে-অর্ডার না দেওয়ার অজুহাতে পুনঃদরপত্র নয়: হাইকোর্ট

ছবি: সংগৃহীত
ঢাকা জেলা পরিষদের ৭০ হাজার বর্গফুট জমি ইজারার দরপত্র পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে।
দরপত্রের শর্তাবলিতে উল্লেখ না থাকা সত্ত্বেও পুরো দরপত্র মূল্যের সমপরিমাণ পে-অর্ডার জমা না দেওয়ার অজুহাতে সর্বোচ্চ দরদাতার প্রস্তাব বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা জেলা পরিষদকে প্রকাশিত দরপত্রের শর্ত অনুসরণ করে সংশ্লিষ্ট দরপত্রটি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে যুক্তিসংগত সিদ্ধান্ত আবেদনকারীকে জানাতে বলেছেন আদালত।
বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ ১২ নভেম্বর এ রায় দেন। যা পরে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশিত হয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সরকারি সম্পত্তি ইজারা দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষকে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর তাতে উল্লেখ নেই—এমন নতুন কোনো আর্থিক শর্ত দরদাতার ওপর চাপিয়ে দেওয়া যায় না।
রিট আবেদন সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর মৌজার ৬৪১ নম্বর প্লটে অবস্থিত ৭০ হাজার বর্গফুট জমি ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করে ঢাকা জেলা পরিষদ। এতে অংশ নিয়ে ২৬ লাখ ৬০ হাজার টাকা দর উল্লেখ করেন আবেদনকারী আসাদুজ্জামান আসাদ। তার দাবি, ৩১ মার্চ ২০২৬ দরপত্র খোলার পর তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হন। পরে কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে প্রস্তাবিত দর অনুযায়ী ১৫ শতাংশ ভ্যাট বাবদ ৩ লাখ ৯৯ হাজার টাকা এবং ১০ শতাংশ আয়কর বাবদ ২ লাখ ৬৬ হাজার টাকা জমা দেন। অর্থাৎ কর বাবদ মোট ৬ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করেন তিনি।
এরপর ইজারা প্রদানের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় থাকলেও ৪ মে ২০২৬ তাকে জানানো হয়, ঢাকা জেলা পরিষদের ৭ এপ্রিল অনুষ্ঠিত ১৬তম সাধারণ সভায় জমিটির জন্য পুনরায় দরপত্র আহ্বায়ের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আসাদুজ্জামান আসাদ।
আবেদনকারীর আইনজীবী মো. জাহাঙ্গীর কবির আদালতে যুক্তি দেন, দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং সর্বোচ্চ দর দেওয়ার পরও কোনো আইনগত কারণ ছাড়াই পুনঃদরপত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ দরপত্রের শর্তে পুরো ইজারা মূল্যের সমপরিমাণ পে-অর্ডার জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল না।
অন্যদিকে ঢাকা জেলা পরিষদের পক্ষে আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম আদালতকে জানান, দরপত্রের সঙ্গে ২৬ লাখ ৬০ হাজার টাকার সমপরিমাণ পে-অর্ডার জমা দেননি আবেদনকারী। ফলে তার দরপত্রটি অগ্রহণযোগ্য ছিল। পরবর্তী সময়ে ভ্যাট ও আয়কর জমা দিলেও দরপত্রের ওই মৌলিক ত্রুটি দূর হয় না।
উভয় পক্ষের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা করে হাইকোর্ট বলেন, দরপত্র বিজ্ঞপ্তি কিংবা সংশ্লিষ্ট শর্তাবলিতে সম্পূর্ণ দরমূল্যের সমপরিমাণ পে-অর্ডার জমা দেওয়ার কোনো সুস্পষ্ট বাধ্যবাধকতা পাওয়া যায়নি। ফলে পরবর্তী সময়ে এ ধরনের শর্ত আরোপ করে আবেদনকারীর দরপত্রকে অযোগ্য ঘোষণা করার যুক্তি গ্রহণযোগ্য নয়।
আদালত আরও বলেন, সর্বোচ্চ দরদাতা হলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে সরকারি সম্পত্তির ইজারা পাওয়ার অধিকার অর্জন করেন না। উপযুক্ত কর্তৃপক্ষের দরপত্র গ্রহণ বা প্রত্যাখ্যানের এখতিয়ার রয়েছে। তবে সেই সিদ্ধান্ত হতে হবে আইন, প্রকাশিত শর্তাবলি ও ন্যায়সংগত নীতির ভিত্তিতে। আবেদনকারীর জমা দেওয়া ভ্যাট ও আয়করও দরপত্র পুনর্বিবেচনার ক্ষেত্রে যথাযথভাবে বিবেচনা করতে হবে।
রায়ে ৭ এপ্রিলের সাধারণ সভার সিদ্ধান্ত এবং ৪ মে ইস্যু করা চিঠিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনত অকার্যকর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা পরিষদকে প্রকাশিত দরপত্রের শর্ত কঠোরভাবে অনুসরণ করে আবেদনকারীর প্রস্তাব পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন আদালত।
তবে হাইকোর্ট সরাসরি আবেদনকারীর অনুকূলে ইজারা প্রদান বা অফার লেটার ইস্যুর নির্দেশ দেননি। বরং দরপত্রের সব প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে যুক্তিসংগত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ জন্য কোনো নতুন বা অপ্রকাশিত শর্ত আরোপ করা যাবে না।
আদালত আবেদনকারীর অসৎ উদ্দেশ্যে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত বলে মনে করেননি। একই সঙ্গে তার বাবার পূর্ববর্তী ইজারা বা দখলের কারণে আবেদনকারীর নতুন করে ইজারা পাওয়ার কোনো স্বয়ংক্রিয় অগ্রাধিকার সৃষ্টি হয় না বলেও পর্যবেক্ষণ দিয়েছেন।
ফলে জারি করা রুল আংশিকভাবে যথাযথ ঘোষণা এবং সম্পূরক রুল নির্দেশনাসহ নিষ্পত্তি করেছেন হাইকোর্ট।





