নেতানিয়াহুর বিরোধী প্রার্থী ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার

ছবি: সংগৃহীত
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার নির্বাচিত হয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ঘনিষ্ঠ মাটান কাহানা। মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে ১২০ সদস্যের পার্লামেন্টের ৬৬ জন তার পক্ষে ভোট দেন। এই নির্বাচনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শিবির বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি’র বরাতে এ তথ্য প্রকাশ করেছে।
স্পিকার পদে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির প্রার্থী ছিলেন ওফির কাটজ। তিনি পেয়েছেন ৫২ ভোট। পার্লামেন্টের কার্যসূচি নির্ধারণ এবং বিভিন্ন আইন প্রস্তাবের ওপর আলোচনা ও ভোটাভুটির সময় ঠিক করার ক্ষেত্রে স্পিকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে নতুন স্পিকার হিসেবে কাহানা নেতানিয়াহুর নেওয়া বিভিন্ন নীতি ও উদ্যোগের পথে বাধা তৈরি করতে পারেন।
৫৪ বছর বয়সী কাহানা ইসরায়েলের বিশেষ বাহিনীর সাবেক সদস্য। তিনি বুধবার (১৮ নভেম্বর) থেকেই নেতানিয়াহু সরকারের বিভিন্ন নীতি পরিবর্তনের উদ্যোগ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে আইজেনকটের হাতে নতুন সরকার গঠনের জন্য আগামী মাস পর্যন্ত সময় রয়েছে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আইজেনকটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন, আর নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি। অন্যদিকে, আরব সংখ্যাগরিষ্ঠ দুটি তালিকা পেয়েছে ১৯টি আসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পিকার নির্বাচনে এই দুটি তালিকার সদস্যরা কাহানার পক্ষে ভোট দেন। তাদের একজন ভোটে অনুপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর কাহানা বলেন, জাতি, ধর্ম ও লিঙ্গনির্বিশেষে তিনি সবার স্পিকার হিসেবে কাজ করতে চান। আইজেনকট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাকে অভিনন্দন জানিয়ে লেখেন, নতুন একটি অধ্যায় শুরু হলো। তবে আরব আইনপ্রণেতাদের ভোটে কাহানার বিজয়কে ‘চিরস্থায়ী লজ্জা’ বলে মন্তব্য করেছে লিকুদ পার্টি।
এর আগে রোববার (১৫ নভেম্বর) নেতানিয়াহু ও আইজেনকটের দলের মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে বৈঠক হয়। তবে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে দুই নেতার অবস্থান আলাদা থাকায় সমঝোতার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

ইরানের হুমকি মোকাবিলায় ঐক্যের সরকার প্রয়োজন বলে দাবি করছেন নেতানিয়াহু। অন্যদিকে আইজেনকটের বক্তব্য, নেতানিয়াহুর আর এক মিনিটও সরকারপ্রধানের দায়িত্বে থাকা উচিত নয়। আরব সংখ্যালঘু আইনপ্রণেতাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ সাজানোর চেষ্টা নিয়ে নেতানিয়াহুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর তিনি এ মন্তব্য করেন।
ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগের তদন্ত নিয়েও মঙ্গলবার (১৭ নভেম্বর) বিবৃতি দিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। এতে বলা হয়, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ভোটারদের ঘুষ দেওয়া হয়েছিল এবং তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারত। দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত এ অভিযোগের তদন্ত করছে।
আইজেনকট ক্ষমতায় গেলে নেতানিয়াহু সরকারের বিচার বিভাগের স্বাধীনতা কমানোর উদ্যোগ বাতিল করতে চান। ২০২২ সালের ডিসেম্বরে নেতানিয়াহু আবার ক্ষমতায় ফেরার পর বিচার বিভাগে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এর প্রতিবাদে ইসরায়েলে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল। উদারপন্থীদের আশঙ্কা ছিল, এসব সংস্কার দেশটির গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেবে।
এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থায় যেসব ব্যর্থতা ছিল, তা তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন আইজেনকট। তবে নেতানিয়াহু স্বাধীন তদন্তের বিরোধিতা করে আসছেন। তার প্রস্তাব অনুযায়ী, তদন্ত কমিশনের সদস্য নির্বাচন করবেন রাজনীতিবিদেরা।
আইজেনকটের ইয়াশার পার্টির সদস্য কাহানা ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত নেতানিয়াহুবিহীন একটি সরকারের ধর্মীয় সেবাবিষয়ক মন্ত্রী ছিলেন। সে সময় প্রধান রাব্বিনেটের ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়ে অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। নিজে ইহুদি ধর্মের অনুসারী হলেও কাহানাকে সামনে রেখে ধর্মনিরপেক্ষ উদারপন্থী থেকে রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠী পর্যন্ত বিস্তৃত জোট গড়ার চেষ্টা করছেন আইজেনকট।
নেসেটের স্পিকার হিসেবে কাহানা আমির ওহানার স্থলাভিষিক্ত হচ্ছেন। নেতানিয়াহুর ঘনিষ্ঠ ওহানা ২০২২ সাল থেকে এ দায়িত্ব পালন করে আসছিলেন। স্পিকার রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অক্ষম হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্বও পালন করেন।






