রাজশাহী মহানগরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শালার হাতে দুলাভাই খুনের অভিযোগ উঠেছে।
শনিবার ২২ মার্চ সকালে শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া কালুরমোড় এলাকায় একটি বিরোধপূর্ণ জমি পরিমাপ করার সময় এই হত্যাকাণ্ড হয়। নিহতের নাম রুহুল আমিন।
শনিবার সকালে উভয় পক্ষ বিরোধপূর্ণ একটি জমি পরিমাপের জন্য সেখানে অবস্থান করছিল। এসময় মিন্টু তার দুলাভাই রুহুল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারী জানান, শালা এবং দুলাভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাই নিহত হয়েছেন। আসামিকে ধরতে কাজ করছে পুলিশ।







