গত মৌসুম ভালো না কাটলেও চলতি মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে এক্সটার সিটিকে ১০-১ ব্যবধানে উড়িয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে পেপ গার্দিওলার দল। কারাবাও কাপেও জয়ের ধারা ধরে রেখেছে তারা। প্রতিযোগিতার সেমিফাইনালে প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে ম্যানসিটি।
নিউক্যাসলের দুর্গ সেন্ট জেমস পার্কে মঙ্গলবার রাতে ২-০তে জিতেছে ম্যানসিটি। জালের দেখা পেয়েছেন ৬ কোটি ২৫ লাখ পাউন্ডে সিটিতে যোগ দেয়া উইঙ্গার আন্তোইন সেমেনিও। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে তিনি জালের দেখা পান। বদলি নামা রায়ান শেরকি যোগ করা সময়ের শেষ মুহূর্তে করেন দ্বিতীয় গোলটি।
ম্যাচজুড়ে ৫৮ শতাংশ সময় বল দখলে রেখে ম্যানসিটি গোলের জন্য নেয়া ১১ শটের মধ্যে লক্ষ্যে রাখতে পেরেছে কেবল ৪টি। সাফল্য আসে দুটিতে। বিপরীতে নিউক্যাসলের নেয়া ৯ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৩টি।
সিটির প্রথম গোলটি আদায় করতে ৫৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। জেরোমি ডকুর বাঁ-দিক থেকে বাড়ানো বলে টোকা দিয়ে জালে পাঠান সিটিতে নতুন সাইনিং সেমেনিও। যোগ দিয়ে দুই ম্যাচে দুই গোল পেলেন ঘানার তারকা।
দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ে। ৯৮ মিনিটে রায়ান শেরকি সিটির জয় নিশ্চিত করেন। ডি-বক্সের ভেতরে নুরির ব্যাকপাস থেকে দারুণ এক গোল করেন ফরাসি মিডফিল্ডার।
আগামী ৪ ফেব্রুয়ারি ফিরতি লেগ হবে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। সেখানে দুই গোলে এগিয়ে থেকে মাঠে নামবে সিটিজেনরা।








