বিনোদন

মৃত্যুর ঘণ্টাখানেক আগে বন্ধুকে বার্তা, নানা পাটেকরের শেষ মুহূর্তে কী ঘটেছিল?

নানা পাটেকরের শেষ সময়ের বর্ণনা দিলেন চিকিৎসক

মৃত্যুর ঘণ্টাখানেক আগে বন্ধুকে বার্তা, নানা পাটেকরের শেষ মুহূর্তে কী ঘটেছিল?

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। ৭৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গোয়ায় নিজ বাড়িতে মারা গেছেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা।

গুরুতর অবস্থায় তাকে দ্রুত মণিপাল হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। এবার মৃত্যুর আগের কয়েক ঘণ্টার বিস্তারিত জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডা. শেখর সালকার।

মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার সংবাদ সংস্থা এএনআইকে জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে নানা পাটেকরকে হাসপাতালে নেওয়া হয়। তবে ততক্ষণে তিনি আর বেঁচে ছিলেন না। প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত কার্ডিয়াক ম্যাসাজসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও তাকে ফেরানো সম্ভব হয়নি।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে রাত আড়াইটার দিকে এক বন্ধুকে বার্তা পাঠিয়েছিলেন নানা পাটেকর। বার্তায় তিনি জানিয়েছিলেন, শরীরটা ভালো লাগছে না। কিন্তু গভীর রাত হওয়ায় বন্ধু তখন সেই বার্তা দেখতে পারেননি। পরে ফোনে যোগাযোগ করে প্রায় ভোর ৪টার দিকে অভিনেতার বাড়িতে পৌঁছান তিনি।

ততক্ষণে নানা পাটেকরের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। তিনি ঘামছিলেন এবং ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছিলেন। এরপর তার দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিকে সঙ্গে নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

ডা. সালকার বলেন, ভোর ৪টা ২০ থেকে সাড়ে ৪টার মধ্যে নানা পাটেকরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মৃত্যুর পর নিয়ম অনুযায়ী মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) দায়ের করা হয়েছে। অভিনেতার মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা পাশে ছিলেন না; বন্ধু ও তার কেয়ারটেকারই তার সঙ্গে ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক।

নানা পাটেকর রেখে গেছেন স্ত্রী নীলকান্তি এবং ছেলে মালহার পাটেকরকে। তার দুই ভাই অশোক ও দিলীপ পাটেকরও রয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের বহু তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন জুনিয়র এনটিআর, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, কিয়ারা আদভানি ও রাকুল প্রীত সিংসহ অনেকে।

বড় পর্দায় নানা পাটেকরকে সর্বশেষ দেখা গেছে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’ সিনেমায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন শহীদ কাপুর, তৃপ্তি দিমরি ও ফরিদা জালাল। বক্স অফিসে ছবিটি প্রত্যাশিত সাফল্য না পেলেও নানা পাটেকরের অভিনয় প্রশংসিত হয়েছিল।

সিনেমার পাশাপাশি ওটিটিতেও সক্রিয় ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। প্রাইম ভিডিওর ‘সুবেদার’-এ ক্যামিও চরিত্রে অভিনয়ের পাশাপাশি ‘সঙ্কল্প’ সিরিজেও দেখা গেছে তাকে। প্রকাশ ঝা পরিচালিত এই সামাজিক-রাজনৈতিক সিরিজে আরও অভিনয় করেছেন মোহাম্মদ জিশান আইয়ুব ও কুবরা সাইত।

বিষয়:নানা পাটেকর বলিউড সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…