২০২৮ ইউরোকে সামনে রেখে নতুন করে পথচলা শুরু করতে চায় ইতালি। আর সেই লক্ষ্য পূরণে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে পেপ গার্দিওলাকে নিয়োগ দিতে চায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
ইতালীয় সংবাদমাধ্যমে দাবি, জাতীয় দলের নতুন স্পোর্টিং ডিরেক্টর পাওলো মালদিনি ইতোমধ্যে গার্দিওলার সঙ্গে বৈঠক করেছেন। বার্সেলোনায় গত সপ্তাহান্তে হওয়া ওই বৈঠকে মালদিনির সঙ্গে উপস্থিত ছিলেন ইতালির কোচিং কাঠামোর সদস্য লিওনার্দোও। সেখানে স্পেনের এই কোচকে ইতালির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ অধ্যায়ের ইতি টানার পর বর্তমানে কোনো দলের দায়িত্বে নেই গার্দিওলা। কয়েক দিন আগে তিনি জানিয়েছিলেন, আপাতত কিছুটা শান্ত সময় কাটাচ্ছেন।
তবে ইতালির সঙ্গে গার্দিওলার সম্পর্ক নতুন নয়। খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা ছেড়ে প্রথমে ব্রেসিয়া, পরে রোমার জার্সিতে খেলেছিলেন তিনি। সেই সময় থেকেই ইতালির ফুটবল ও সংস্কৃতির প্রতি তার আলাদা ভালোবাসা তৈরি হয়।
সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত সাফল্য পায়নি ইতালি। সর্বশেষ বিশ্বকাপে খেলতে না পারা দেশটির ফুটবলপ্রেমীদের জন্য ছিল বড় হতাশা। সেই হতাশা কাটিয়ে দলকে নতুন উচ্চতায় নিতে অভিজ্ঞ ও সফল একজন কোচের খোঁজে রয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
যদিও ইতালির কোচ হওয়ার সম্ভাব্য তালিকায় রবার্তো মানচিনি ও আন্দ্রেয়া পিরলোর নামও রয়েছে, ইতালীয় গণমাধ্যমের দাবি, মালদিনির প্রথম পছন্দ গার্দিওলাই। এখন দেখার বিষয়, ইতালির প্রস্তাবে শেষপর্যন্ত কী সিদ্ধান্ত নেন স্প্যানিশ এই কোচ।







