ভিডিও কলে প্রেমিকাকে কুকুর হত্যার দৃশ্য দেখিয়ে গ্রেপ্তার প্রেমিক

প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রতিশোধ নিতে প্রেমিকার দুটি পোষা কুকুরকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভিডিও কল করে প্রেমিকাকে কুকুর হত্যার দৃশ্যও দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার যাদবপুর এলাকার বিক্রমগড়ে। ওই এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে বসবাস করতেন সঞ্জীব ভট্টাচার্য ও পরী নোভা। ফ্ল্যাটটিতে থাকত কয়েকটি পোষা কুকুর। দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরী।
গত শুক্রবার তিনি ফ্ল্যাট ছেড়ে চলে গেলেও তার পোষা কুকুরগুলো সেখানেই রেখে যান। এর পরদিন শনিবার পরীকে ভিডিও কল করেন সঞ্জীব। অভিযোগ, ওই কলের একপর্যায়ে পরী দেখতে পান, তার একটি পোষা কুকুরের গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এমন ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
দ্রুত ফ্ল্যাটে গিয়ে পরিস্থিতি দেখার জন্য স্থানীয় এক পরিচিত ব্যক্তিকে অনুরোধ করেন পরী। পরে ওই ব্যক্তি ফ্ল্যাটে গিয়ে দেখতে পান, পরীর দুটি পোষা কুকুরই মৃত অবস্থায় পড়ে রয়েছে। ফ্ল্যাটের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল রক্ত। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান অভিনেত্রী ও পশুপ্রেমী দেবলীনা দত্ত।
তিনি বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে এ ঘটনায় যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সঞ্জীব ভট্টাচার্যকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে, নিহত কুকুর দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ধরনের নিষ্ঠুরতার নিন্দা জানিয়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।






