ক্রিকেট চলবে, কিন্তু রেডিওতে ফলাফল জানানোও নিষিদ্ধ, তালেবানের আইন

আফগানিস্তানের কান্দাহারে রেডিও স্টেশনগুলোতে ক্রিকেট সংক্রান্ত সবধরনের অনুষ্ঠান ও সংবাদ নিষিদ্ধ করেছে তালেবান। এরমধ্যে খেলার ধারাভাষ্য ও ফলাফল প্রচার করাও সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। স্থানীয় রেডিও স্টেশনগুলোর নিয়মিত ক্রীড়া আয়োজন বন্ধ হয়ে গেছে।
দুটি স্থানীয় রেডিও স্টেশনের কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছেন, শনিবার কান্দাহারের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে রেডিও স্টেশনগুলোকে ফোন করে এ নির্দেশনা দেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ক্রিকেট বিষয়ক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ‘
তিনি বলেছেন, ‘ম্যাচের ধারাভাষ্য, সংবাদ প্রচার, এমনকি কোন ম্যাচে জয়ের খবর জানানো, সবই নিষিদ্ধ।’
স্থানীয় একটি রেডিও স্টেশনের প্রধান বলেছেন, ‘তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে আমাদের ফোন করে জানানো হয়েছে, এখন থেকে রেডিওতে ক্রিকেট বিষয়ক কোনকিছুই প্রচার করা যাবে না।’
কান্দাহারের আরেকটি রেডিও স্টেশনের ব্যবস্থাপক জানাচ্ছেন, ‘কর্তৃপক্ষের পক্ষ থেকে ফোন করে বলা হয়েছে, আপাতত ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত যেকোনো কিছু নিষিদ্ধ।’
তালেবান প্রধানের শহর কান্দাহারে এই নিষেধাজ্ঞা আসলেও দেশটির ক্রিকেট বোর্ডের তাৎক্ষণিক কোন মন্তব্য মেলেনি। তালেবান সরকার ক্ষমতায় আসার পর মিশ্র মার্শাল আর্টসের মতো কিছু খেলা নিষিদ্ধ করেছে, মেয়েদের খেলাধূলায় অংশগ্রহণ নিষিদ্ধ করেছে, তবে ছেলেদের ক্রিকেটের প্রতি বরাবরই সমর্থন দেখিয়ে আসছিল। গত আগস্টে তাদের ক্ষমতা দখলের বর্ষপূর্তিতেও ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল। দেশটিতে নারীদের জিম ও যেকোনো ধরনের খেলাধুলায় অংশগ্রহণ আগে থেকেই সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।






