ইউনাইটেডে অনিশ্চিত মার্টিনেজ, সুযোগ নিতে প্রস্তুত বার্সা

টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের সঙ্গে বিরোধ ও চুক্তি জটিলতায় ম্যানচেস্টার ইউনাইটেডে লিসান্দ্রো মার্টিনেজের ভবিষ্যৎ অনিশ্চিত। আর্জেন্টাইন ডিফেন্ডারের বিদায়ের সম্ভাবনা জোরাল হয়ে ওঠায় দলে নেয়ার চেষ্টা শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
ওল্ড ট্রাফোর্ডে পরিস্থিতি জটিল হওয়ায় ইউনাইটেড থেকে লিসান্দ্রোর বিদায়ের সম্ভাবনা জোরাল হয়েছে। ক্লাবের রিক্রুটমেন্ট পলিসি ও উইলকক্সের কার্যকারীতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের জন্ম দিয়েছেন তারকা ডিফেন্ডার।
চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর সমস্যা শুরু। এরপর মার্টিনেজ প্রকাশ্যে ইউনাইটেডের স্কোয়াডে গভীরতার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। দাবি করেন, ‘প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের আরও খেলোয়াড় দলে টানতে হবে। আরও বিনিয়োগ আশা করি। আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকেও আরও বেশি কিছু আশা করি। সত্যি বলতে, খেলোয়াড় হিসেবে আমাদেরও আরও ভালো করার প্রয়োজন আছে; তবে এমন গুরুত্বপূর্ণ রাতের জন্য প্রস্তুত থাকতে হলে একটি শক্তিশালী দল গঠন করাও জরুরি।’
পরে মার্টিনেজ মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। ম্যানেজার মাইকেল ক্যারিক দাবি করেছেন, বিষয়টি অভ্যন্তরীণভাবে সমাধান করা হয়েছে, তবুও ওল্ড ট্রাফোর্ডে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কাটছে না।
বেতন নিয়েও ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তুলনায় মার্টিনেজ অসন্তুষ্ট, যার ফলে ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে তার চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা থমকে আছে। বর্তমান চুক্তির মেয়াদ এ গ্রীষ্মেই শেষ হচ্ছে। ইউনাইটেডের কাছে চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগ রয়েছে। মার্টিনেজ তা কার্যকর করার বিপক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ক্লাব কর্তৃপক্ষও তাকে জোর করে চুক্তিতে আটকে রাখতে আগ্রহী নয়।
স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, চুক্তিসংক্রান্ত অবস্থা বার্সেলোনার নজরে এসেছে। তারা মার্টিনেজকে রক্ষণ শক্তিশালী করার জন্য অন্যতম সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। তালিকায় ইন্টার মিলানের আলেসান্দ্রো বাস্তোনি এবং রিয়াল বেটিসের নাথানও রয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর অ্যাটলেটিকো মাদ্রিদও তাকে নেয়ার চেষ্টা করছে।
ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে জোর দিয়ে বলেছেন, ‘লিচা (লিসান্দ্রো) নিজেই পরিস্থিতি স্বীকার করেছে এবং দল হিসেবে আমরা বিষয়টি পেছনে ফেলে এগিয়ে গেছি। আমাদের দলের ভেতর এ নিয়ে কোন নাটকীয়তা নেই। আমরা মনে করি, বিষয়টি মিটে গেছে।’






