গঙ্গা পানি চুক্তি বিষয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশা

ছবি: সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নেগোসিয়েশনের বিষয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য পানি সম্পদমন্ত্রী ও অর্থ উপদেষ্টাসহ একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নেগোসিয়েশনে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। এ জন্য প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন। পানি সম্পদমন্ত্রী ও অর্থ উপদেষ্টাসহ কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি ও আশা রাখি, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও বিএনপি সরকার কাজ করছে।
তুরস্কে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সম্মেলনে দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন তিনি।
এ ছাড়া গত ছয় মাসে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপি সরকার যেসব পদক্ষেপ নিয়েছে এবং যেসব সাফল্য অর্জন করেছে, সেগুলোও সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।






