প্রবাস সংবাদ

পর্তুগালে আবাসন সংকট নিয়ে জরুরি অধিবেশনের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

পর্তুগালে আবাসন সংকট নিয়ে জরুরি অধিবেশনের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছবি: সংগৃহীত।

পর্তুগালের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আবাসন সংকট ও পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ড। দেশটির সংসদে এ নিয়ে জরুরি বিতর্কের উদ্যোগ নিয়েছে কমিউনিস্ট পার্টি পিসিপি (PCP)। আর এই বিতর্ক অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন সংসদ স্পিকার হোসে পেদ্রো আগুয়ার-ব্রাঙ্কো।

আগামী অর্থ বছরের ২০২৭ সালের রাষ্ট্রীয় বাজেট নিয়ে সংসদের চলমান কার্যক্রমের মধ্যেই এই জরুরি বিতর্কের প্রস্তাব সামনে এসেছে। তবে বিতর্ক আয়োজন করতে হলে সংসদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনতে হবে। আর সেই পরিবর্তনের জন্য সংসদের নেতাদের সম্মেলনে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সম্মতি প্রয়োজন।

এ কারণে সংসদ স্পিকার রাজনৈতিক দলগুলোর কাছে জরুরি ভিত্তিতে লিখিত মতামত চেয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলগুলোকে জানাতে হবে, তারা বাজেট আলোচনার সময়সূচিতে পরিবর্তন এনে এই বিশেষ বিতর্ক আয়োজনে সম্মত কি না।

পিসিপির এই উদ্যোগের মূল প্রেক্ষাপট গত রোববার (১ নভেম্বর) ভোরে লিসবন ও পোর্তোতে পুলিশের পরিচালিত অভিযান ও কর্মকাণ্ডকে নিয়ে। ঘটনাটি ঘিরে দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। পুলিশের ভূমিকা, নাগরিক অধিকার এবং সরকারের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।

পিসিপি এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রীয় বাজেট নিয়ে সংসদে আলোচনা চললেও সরকারের কর্মকাণ্ডের ওপর নজরদারি করার সাংবিধানিক দায়িত্ব থেকে সংসদ সরে দাঁড়াতে পারে না। বিশেষ করে এমন একটি পরিস্থিতিতে, যা পর্তুগিজ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করছে।

দলটির বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং প্রয়োজনে সরকারের কাছে জবাবদিহি নিশ্চিত করা। অন্যদিকে, সংসদীয় কার্যসূচিতে পরিবর্তন আনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মতির শর্ত এখন এই উদ্যোগের সামনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আবাসন সংকট, পুলিশের ভূমিকা এবং নাগরিক অধিকার এই তিনটি বিষয়কে কেন্দ্র করে পর্তুগালের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পর্তুগালের সংসদে এই বিতর্কের অনুমতি মিলবে কি না, আগামী ২৪ ঘণ্টার রাজনৈতিক সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে পরবর্তী পরিস্থিতি।

বিষয়:আবাসন সংকট কমিউনিস্ট পার্টি পিসিপি (PCP) নাগরিক অধিকার পর্তুগাল হোসে পেদ্রো আগুয়ার-ব্রাঙ্কো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…