ফুটবল বিশ্বকাপের বাকি ১৭ দিন, শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দেশগুলো। তার আগে এক দুঃসংবাদ আর্জেন্টিনার জন্য। মেজর লিগ সকারে ইন্টার মিয়ামি-ফিলাডেলফিয়ার ম্যাচে পায়ে চোট নিয়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পায়ে হাত দিয়ে মাঠ ছাড়েন তিনি।
মিয়ামির মাঠ নু স্টেডিয়ামে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে ইন্টার মিয়ামি ৬-৪ গোলের জয় পেয়েছে। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে একটি ফ্রি কিক নেন মেসি, সেসময় অধিনায়ক বাম ঊরুতে অস্বস্তি বোধ করেন। সঙ্গে সঙ্গে সেখানে হাত দিয়ে চেপে ধরেন মেসি।
পরে ৭৩ মিনিটে মাঠ ছাড়ার জন্য বদলি চান মেসি, তাকে বসিয়ে মাতেও সিলভেত্তিকে নামানো হয়। যদিও মাঠ ছাড়ার সময় পথে মেসির কোন অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হয়নি।
খেলা শেষে মিয়ামি কোচ গিয়ের্মো হোয়োস বলেছেন, ‘যতদূর জানি, এ বিষয়ে আমাদের কাছে এখনও কোন প্রতিবেদন আসেনি। সে সত্যিই খুব ক্লান্ত ছিল। মাঠ ভারী ছিল, সন্দেহ করার চেয়ে ঝুঁকি না নেয়াই ভালো। ম্যাচের পর আমার মেসির সঙ্গে কথা হয়নি।’
গত কয়েক মাস ধরে মেসি বিশ্বকাপের জন্য ছন্দে থাকা এবং চোট এড়ানোর চেষ্টা করেছেন। ম্যাচ শেষে রদ্রিগো ডে পল জানান বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে তিনি এবং মেসি দ্বিগুণ ওয়ার্কআউট সেশনে অংশ নিয়েছেন। আসন্ন আসরের আগে সেরা শারীরিক অবস্থায় পৌঁছাতে দুজনে মাঠে অতিরিক্ত সময় কাটিয়েছেন। দুজনই সকালে দলের সাথে এবং বিকেলে আলাদাভাবে অনুশীলন করেন।
আর্জেন্টিনা কিংবা ইন্টার মিয়ামি এখনও মেসির বিশ্বকাপ খেলার শঙ্কা আছে কিনা সে বিষয় বিস্তারিত কোন তথ্য দেয়নি। সব ঠিক থাকলে চলতি মাসের শেষে বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।








