ফুটবল

আর্জেন্টাইন ফুটবলের দীক্ষা দিতে আসা নিকোলাস বললেন ‘আমাদের পাশে থাকুন’

আর্জেন্টাইন ফুটবলের দীক্ষা দিতে আসা নিকোলাস বললেন ‘আমাদের পাশে থাকুন’

এএফএ মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস সানালিত্রো

বিশ্বকাপ ফুটবল এলে বোঝা যায় বাংলাদেশে আর্জেন্টাইন ভক্ত-সমর্থক ও গুণগ্রাহীর সংখ্যা কেমন। কাতার ও যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে দেখা গিয়েছিল আর্জেন্টিনার জয়-গোল ও উদযাপনে কোন অংশে বাংলাদেশের সমর্থকরা পিছিয়ে নয়। হাজার মাইল দূরের দেশের ফুটবলের প্রতি এদেশের সমর্থকদের এমন ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টাইনরা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক বিভাগের তিনজন প্রতিনিধির দল ঢাকায় এসেছে। তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে অকৃত্রিম ভালোবাসার জন্য ধন্যবাদ জানানো।

প্রতিনিধি দলটি মঙ্গলবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টাইন ফুটবলের লক্ষ্য, উন্নয়নের দর্শন ও পদ্ধতি নিয়ে সেমিনার করেছে। বুধবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্টিফিসিয়াল টার্ফে ইয়ুথ ফুটবল ক্লিনিকের আয়োজন করে। সেখানে আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে বাংলাদেশের তরুণ ফুটবলারদের পরিচিত করানো এবং আন্তর্জাতিক পর্যায়ের কোচিং অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা নিয়ে কথা হয়। এ দলে ছিলেন এএফএ কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস, ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স আলেহান্দ্রো লিনো। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অ্যাম্বাসেডর মার্সেলো কার্লস সেসাও এসেছিলেন আয়োজনে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ব্যবহারিক প্রশিক্ষণ সেশন করার পর প্রতিনিধি দলের মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস সানালিত্রো কথা বলেন চ্যানেল আই অনলাইন প্রতিনিধির সাথে। প্রতিনিধি দলের বাংলাদেশে আসা, ফুটবলীয় সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, জাতীয় দল ও অন্যান্য বিষয়গুলোতে কথা বলেন তিনি।

হঠাৎ আর্জেন্টিনার প্রতিনিধি দলটির বাংলাদেশে আসার কারণ প্রসঙ্গে নিকোলাস সানালিত্রো জানালেন, ‘বাংলাদেশে আমাদের আসার প্রধান উদ্দেশ্য ছিল আপনাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ জানানো। কারণ আপনারা (বাংলাদেশ) বিশ্বকাপে যা করেছেন তা আমরা দেখেছি। আর আমরা এখানে এসেছি আপনাদের সেই ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে। যেমন আমি ঢাকা শহর নিয়ে আপনাকে বলতে পারি, কারণ আমরা এখানেই আছি। ঢাকা সত্যিই দারুণ একটি শহর। এখানে আসতে পেরে আমরা আনন্দিত। আপনারা আমাদের সাদরে গ্রহণ করেছেন এবং দারণভাবে বরণ করে নিয়েছেন। তাই এসব কিছুর জন্য আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের মানুষ আমাদের অনেকবেশি ভালোবাসা দেখিয়েছে। যেমন ধরুন এখানকারই কথা। সবাই সবসময় ছবি তুলতে চাইছে, জড়িয়ে ধরে কোলাকুলি করছে, হাত মেলানো (হ্যান্ডশেক) এসব আর কী।’

ক্ষুদে ফুটবলারদের সাথে নিকোলাস
ক্ষুদে ফুটবলারদের সাথে নিকোলাস

বাংলাদেশ ফুটবলের মানদণ্ড ও পর্যবেক্ষণ সংক্রান্ত প্রশ্নে নিকোলাস বললেন, ‘বাংলাদেশের ফুটবল নিয়ে খুব বেশি কিছু বলতে পারব না। কারণ এখানে মাত্র একটি সেমিনার ও একটি ইয়ুথ ফুটবল ক্লিনিক করেছি। তাই আমার ধারণা অনেকটা সংক্ষিপ্ত। কাজেই যথাযথ উত্তর দিতে হলে আমাকে আরও তথ্য সংগ্রহ করতে হবে। বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল একাডেমি গড়ে তোলার ব্যাপারে বাফুফের সাথে আমাদের আলোচনা হয়েছে। পদ্ধতিগত বিষয়টি দেখি। তবে এ ধরনের বাণিজ্যিক বিষয় নিয়ে আপনাকে মারিও মার্টিন তুলার সাথে কথা বলতে হবে, তিনি আমাদের কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর।’

বাংলাদেশের ফুটবলের মানোন্নয়ন এবং বাংলাদেশি ফুটবলারদের জন্য আর্জেন্টিনায় খেলার সুযোগ হবে কিনা এমন প্রশ্নে নিকোলাস বললেন, ‘অবশ্যই বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আমাদের পরিকল্পনা আছে। একটি প্রতিনিধিদল হিসেবে আমাদের এমন একটি ভাবনা ছিল। কিন্তু এটিও আরেকটি বাণিজ্যিক বিষয় যার জন্য আপনাকে মার্টিনের (বাণিজ্যিক বিভাগের প্রধান) সাথে কথা বলতে হবে। তবে বিশ্বজুড়ে আমাদের যে একাডেমিগুলো আছে, সেগুলোতে আমরা এ কাজই করি। আমরা তরুণ খেলোয়াড়দের গড়ে তুলি। বাংলাদেশের কোচ, কোচিং স্টাফ ও অন্যান্যদের নিয়েও আমাদের পরিকল্পনা আছে। তবে সেটার বিস্তারিত বলতে পারবো না, কারণ আমি শুধু কারিগরি দিকটা দেখি।’

বাফুফে কর্মকর্তাদের সাথে আর্জেন্টাইন প্রতিনিধি দল
বাফুফে কর্মকর্তাদের সাথে আর্জেন্টাইন প্রতিনিধি দল

বাংলাদেশ জাতীয় দলের ছেলে এবং মেয়ে উভয় নিয়েই কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন এ ডিরেক্টর। নিকোলাস বাংলাদেশ জাতীয় দল নিয়ে কাজ করার ব্যাপারে বলেন, ‘আমরা শুধু ছেলেদের দল নিয়ে কাজ করি না। আমরা ছেলে এবং মেয়ে উভয় দল নিয়েই কাজ করি। বাংলাদেশে আসার পর ফুটবল ফেডারেশন আমাদের সার্বিকভাবে সহায়তা করেছে। তারা আমাদের সেমিনার এবং আজকের কোচিংয়ের ব্যবস্থা করে দিয়েছে এবং সেটি প্রস্তুতও ছিল। তাই স্থানীয় কোচদের সাথে কাজ করা আমাদের জন্য বেশ সুবিধাজনক ছিল।’

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে তিনি বলেছেন, ‘আর্জেন্টাইন ফুটবলের প্রতি সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ এবং আমাদের পাশে থাকুন। আর্জেন্টিনার জন্য আমাদের এটা প্রয়োজন।’

বিষয়:আর্জেন্টিনা এএফএ নিকোলাস বাফুফে বাংলাদেশ মার্টিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…