ফুটবল

আর্জেন্টিনা সফরে জটিলতা, ফেডারেশনে হস্তক্ষেপের ঘোষণা বুরকিনা ফাসো প্রেসিডেন্টের

আর্জেন্টিনা সফরে জটিলতা, ফেডারেশনে হস্তক্ষেপের ঘোষণা বুরকিনা ফাসো প্রেসিডেন্টের

আর্জেন্টিনা বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগে বড়সড় জটিলতার মুখোমুখি হয়েছিল বুরকিনা ফাসো। ফ্লাইট স্থগিত হওয়ার পর বুয়েন্স আয়ার্স যেতে অস্বীকৃতি জানিয়েছিল দেশটির মূল দলের খেলোয়াড়রা। পরে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের ডেকে ম্যাচে অংশ নেয় বুরকিনা। এ ঘটনায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকি উপেক্ষা করে দেশটির ফুটবল ফেডারেশনের কার্যক্রমে হস্তক্ষেপ করার ঘোষণা দিয়েছেন তিনি।

আর্জেন্টিনার পথে মরক্কোতে ৩০ সেপ্টেম্বর তাদের জন্য নির্ধারিত চার্টার্ড ফ্লাইটটি কোনো নোটিশ ছাড়াই বাতিল করা হয়, যার ফলে দলটি মরক্কোতে আটকে ছিল। পরে খেলোয়াড়রা ভ্রমনক্লান্তির কারণে ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানান। বিষয়টি সমাধানে প্রেসিডেন্টও হস্তক্ষেপ করেন। তবে লাভ হয়নি। মূল দলের কেবল একজন খেলোয়াড়ই যেতে রাজি হন। পরে বাধ্য হয়ে অনূর্ধ্ব-২৩ দলকে ডাকে ফেডারেশন। শেষ অবধি আর্জেন্টিনার সাথে ৭-০ গোলে হারে বুরকিনা ফাসো।

সংবাদমাধ্যমগুলো বলছে, আফকন ২০২৭-এর বাছাইপর্বে কাসাব্লাঙ্কায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বিপক্ষে বুরকিনা ফাসোর ১-০ গোলের জয়ের পর থেকেই দলের মধ্যে বিদ্রোহের সূত্রপাত। আর্জেন্টিনা ম্যাচের আগে বিশৃঙ্খলার পর ফেডারেশনের কার্যক্রমে হস্তক্ষেপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে।

জাতীয় ফুটবল ফেডারেশনে রাজনৈতিক হস্তক্ষেপ ফিফার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক। ফলে বুরকিনা ফাসোর ফুটবলে নিষেধাজ্ঞাও আসতে পারে। এরপরও নিজের অবস্থান থেকে সরে না যাওয়ার বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

বিষয়:আর্জেন্টিনা ইব্রাহিম ট্রাওরে বুরকিনা ফাসো বুর্কিনা ফাসো
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…