দর্শক কেন খায়রুল বাসার-নীহার ‘ইন্সটাগ্রাম’-এ মজেছেন?
একদিনেই ৫০ লাখ ভিউ ছাড়িয়েছে

মজার গল্প, স্বতঃস্ফূর্ত অভিনয় আর শেষদিকে আবেগঘন বাঁক; সব মিলিয়ে দর্শক মজেছে জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘ইনস্টাগ্রাম’-এ। বিশেষ করে খায়রুল বাসার ও নাজনীন নীহা জুটির প্রথম এই কাজটি দর্শকদের কাছে হয়ে উঠেছে উপভোগ্য!
‘ইনস্টাগ্রাম’-এর গল্পে দেখা যায়, গ্রামের সহজ-সরল মানুষের জীবনের সঙ্গে সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগতের মেলবন্ধন ঘটানো হয়েছে।
এই ভিন্নধর্মী উপস্থাপন শুরু থেকেই দর্শকের আগ্রহ ধরে রাখে। গল্পের নানা মজার মুহূর্তে খায়রুল বাসারের কমেডি টাইমিং ও চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়া অভিনয় আলাদা করে নজর কেড়েছে।

অন্যদিকে, নাজনীন নাহরের পর্দার উপস্থিতি ও অভিনয়ও প্রশংসা পাচ্ছে। দুজনের সংলাপ উপস্থাপন, অভিব্যক্তি এবং স্বতঃস্ফূর্ত অভিনয় গল্পের সঙ্গে বেশ মানানসই হয়েছে। তাদের জুটির পর্দার উপস্থিতিও দর্শকদের কাছে ইউটিউব ফিল্মটিকে আরও উপভোগ্য করে তুলেছে।
তবে গল্পের বড় চমক অপেক্ষা করছে শেষের দিকে। হাসি-ঠাট্টার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া গল্পটি হঠাৎই আবেগের জায়গায় মোড় নেয়। শেষের ঘটনাগুলো দর্শকের মনে আলাদা প্রভাব ফেলছে।

সব মিলিয়ে বিনোদনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বাস্তবতা ও মানবিকতার একটি বার্তাও তুলে ধরেছে ‘ইনস্টাগ্রাম’। ইউটিউব ফিল্মটি একদিনেই ৫০ লাখের বেশি দর্শক দেখেছেন। সেইসঙ্গে সাড়ে ৪ হাজারের বেশি দর্শক এটি দেখে মন্তব্য করেছেন।
খায়রুল বাসার ও নীহা ছাড়াও ইন্সটাগ্রামে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, মাহমুদুল ইসলাম মিঠু, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, এমএন ইউ রাজু, ইশরাত অতিথিসহ আরও অনেকে। চ্যানেল আইতে প্রচারের পর এটি দেখা যাচ্ছে সিনেমাওয়ালার ইউটিউবে।






