ফুলেরার নতুন প্রধান ক্রান্তি দেবী, ‘পঞ্চায়েত’ সিজন ৫ কি আসছে ডিসেম্বরে?

জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। কবে মুক্তি পাবে নতুন সিজন? এ নিয়ে চলছে নানা জল্পনা। ৩ বা ৪ ডিসেম্বর ২০২৬ মুক্তির সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনায় এলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রাইম ভিডিও। বরং মুক্তির তারিখ নিয়ে নতুন এক প্রচারণা শুরু করেছে প্ল্যাটফর্মটি। আর সেই প্রচারণার কেন্দ্রে রয়েছেন সিরিজের আলোচিত চরিত্র বানরাকাস ও তার স্ত্রী ক্রান্তি দেবী।
গত ১৫ নভেম্বর এক প্রচারণামূলক পোস্টে প্রাইম ভিডিও জানায়, চলতি বছরে মুক্তি পাচ্ছে না ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন। পোস্টে বানরাকাস চরিত্রে অভিনয় করা দুর্গেশ কুমারকে দেখা যায়। তার মাধ্যমে দর্শকদের জানানো হয়, এ বছর আসছে না সিরিজটি। তবে এর এক দিন পরই বদলে যায় প্রচারণার সুর।
সোমবার প্রকাশিত নতুন একটি ভিডিওতে বানরাকাসের সঙ্গে হাজির হন তার স্ত্রী ক্রান্তি দেবী। চরিত্রটিতে অভিনয় করেছেন সুনীতা রাজওয়ার। ভিডিওতে দর্শকদের সামনে একটি অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে দেন তারা। এক কোটি গাঁদা ফুলের মালা তৈরি করতে পারলেই নাকি জানানো হবে ‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির তারিখ।
এই প্রচারণার পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাহলে কি ২০২৬ সালে মুক্তি না পাওয়ার আগের ঘোষণাটিও ছিল নির্মাতাদের প্রচারণার অংশ? ডিসেম্বরের ৩ বা ৪ তারিখে মুক্তির যে গুঞ্জন ছড়িয়েছে, সেটি নিয়েও বেড়েছে কৌতূহল। তবে প্রাইম ভিডিওর আগের ঘোষণায় চলতি বছর মুক্তির সম্ভাবনা নাকচ করা হয়েছিল। ফলে ডিসেম্বরের তারিখটি এখনো নিশ্চিত নয়।
কী থাকছে পঞ্চম সিজনে?
‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজনের গল্প শেষ হয়েছিল ফুলেরা গ্রামের উত্তেজনাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে। ২০২৫ সালের ২৪ জুন মুক্তি পাওয়া ওই সিজনে মঞ্জু দেবীকে হারিয়ে প্রধান নির্বাচিত হন ক্রান্তি দেবী। এর ফলে গ্রামের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আর সেই পরিবর্তিত পরিস্থিতিতে বানরাকাসের প্রভাবও বেড়েছে।
নতুন সিজনে এই পরিবর্তনের প্রভাব পড়বে গ্রামটির প্রশাসন ও রাজনীতিতে। অন্যদিকে, অভিষেক ত্রিপাঠি চরিত্রে জিতেন্দ্র কুমারকে দেখা যাবে নতুন চ্যালেঞ্জের মুখে। গ্রামে নিজের চাকরি চালিয়ে যাওয়ার পাশাপাশি এমবিএ পড়া এবং ভবিষ্যতে অন্য কোথাও পাড়ি জমানোর ভাবনাও রয়েছে তার।
দ্য ভাইরাল ফিভারের প্রযোজনায় সিরিজটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র। এতে আরও অভিনয় করেছেন নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা ও অশোক পাঠক।
এর আগে পরিচালক দীপক কুমার মিশ্র জানিয়েছিলেন, পঞ্চম সিজনের সম্পাদনার কাজ চলছে। সে সময় ২০২৬ সালের অক্টোবর কিংবা নভেম্বরে মুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তিনি। তবে কোনো তারিখ চূড়ান্ত করেননি। সব মিলিয়ে বানরাকাসের নতুন প্রচারণা ঘিরে দর্শকদের অপেক্ষা এখন আরও বেড়েছে। ডিসেম্বরেই ফিরছে ‘পঞ্চায়েত’, নাকি অপেক্ষা করতে হবে ২০২৭ সাল পর্যন্ত, তা জানতে এখন প্রাইম ভিডিওর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।






