আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত বিপর্যয়ের ধাক্কা এবার ব্যাংকিং খাতে

যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত বিপর্যয়ের ধাক্কা এবার ব্যাংকিং খাতে

ছবি: সংগৃহীত

মাইক্রোসফটের বিভিন্ন সেবা ও যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচলে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের কয়েক দিনের ব্যবধানে এবার দেশটির ব্যাংকিং ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। বৃহত্তম মার্কিন ব্যাংক জেপি মরগ্যান চেজ-এর অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটির কারণে সোমবার (১৬ নভেম্বর) হাজারো গ্রাহক অনলাইন ব্যাংকিং সেবা ও অর্থ লেনদেনজনিত সমস্যায় পড়েন। এর প্রভাব পড়েছে অন্য কয়েকটি ব্যাংক এবং অর্থ স্থানান্তর সেবা ও লেনদেন।

জেপি মরগ্যান চেজ জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ হার্ডওয়্যার ব্যবস্থায় একটি সফটওয়্যারজনিত ত্রুটির কারণে লেনদেনে বিলম্ব হচ্ছিল। সমস্যাটি সমাধান করে ব্যাংকিং সেবা স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। এ সময় চেজের কিছু গ্রাহক অনলাইন সেবা ব্যবহারের চেষ্টা করে ‘কিছু সেবা পাওয়া যাচ্ছে না, আমরা কাজ করছি। পরে আবার চেষ্টা করুন’ এমন বার্তা পান।

চেজের এ প্রযুক্তিগত ত্রুটির প্রভাব অন্য ব্যাংকের গ্রাহকদের লেনদেনেও পড়ে। ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপসহ বিভিন্ন ব্যাংকের যেসব গ্রাহক চেজের সঙ্গে লেনদেন করছিলেন, তাদের কেউ কেউ বিলম্বের মুখে পড়েন। তবে এসব ব্যাংকের নিজস্ব সেবায় কোনো ত্রুটি ছিল না।

চেজের মুখপাত্র জো ইভানজেলিস্তি জানান, অন্য ব্যাংকগুলো কেবল তাদের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের ক্ষেত্রেই ধীরগতির সমস্যায় পড়তে পারে।

অর্থ স্থানান্তর পরিষেবা জেল- এর কার্যক্রম সরাসরি এই ত্রুটির কারণে বন্ধ হয়নি। তবে চেজ- এর কোনো গ্রাহকের সঙ্গে অর্থ লেনদেনের চেষ্টা করলে অন্য ব্যাংকের গ্রাহকদের অর্থ পাঠানো বা গ্রহণে বিলম্ব হতে পারে। জেল পরিচালনাকারী প্রতিষ্ঠান আর্লি ওয়ার্নিং সার্ভিসেস জানিয়েছে, তাদের নেটওয়ার্ক স্বাভাবিকভাবে সচল ছিল।

চেজ জানিয়েছে, এ ঘটনা কোনো সাইবার হামলার কারণে ঘটেনি। এটি একটি বিচ্ছিন্ন সফটওয়্যারজনিত ত্রুটি। গ্রাহকেরা তাদের ব্যাংক হিসাব ও অর্থ ব্যবহার করতে সক্ষম ছিলেন এবং প্রতিষ্ঠানটি সোমবার (১৬ নভেম্বর) দিনের শেষ নাগাদ সমস্যা সমাধানের আশা করেছিল।

এদিকে, কয়েক দিনের ব্যবধানে মাইক্রোসফটের সেবা, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ও ব্যাংকিং ব্যবস্থায় বিঘ্ন ঘটলেও ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানগুলো।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাইক্রোসফটের প্রযুক্তিগত ত্রুটিতে আউটলুক, টিমস ও কো-পাইলটসহ বিভিন্ন সেবা কয়েক ঘণ্টার জন্য ব্যাহত হয়। প্রতিষ্ঠানটি জানায়, সফটওয়্যার হালনাগাদের সময়ে সৃষ্ট ত্রুটির কারণে এ ঘটনা ঘটে। এতে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

অন্যদিকে, শুক্রবার (২০ নভেম্বর) একটি রাউটারজনিত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। এতে দেশটির সব ফ্লাইট কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয় এবং সপ্তাহজুড়ে অভ্যন্তরীণ বিমান চলাচলে বিঘ্ন ঘটে।

বিষয়:অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটি ব্যাংকিং ব্যবস্থা ত্রুটি মাইক্রোসফট মার্কিন ব্যাংক জেপি মরগ্যান চেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…