অর্থনীতি

আগামী পাঁচ বছরে ডিজিটাল পেমেন্টে বড় প্রবৃদ্ধির সম্ভাবনা: জাকিয়া সুলতানা

আগামী পাঁচ বছরে ডিজিটাল পেমেন্টে বড় প্রবৃদ্ধির সম্ভাবনা: জাকিয়া সুলতানা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ডিজিটাল লেনদেন খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা। তার মতে, স্মার্টফোন, ই-কমার্স ও ডিজিটাল সেবার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের লেনদেনের অভ্যাসেও পরিবর্তন আসছে। ফলে দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন আর্থিক সেবায় ডিজিটাল লেনদেনের চাহিদা বাড়ছে।

জাকিয়া সুলতানা বলেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। মানুষ এখন দৈনন্দিন কেনাকাটা ও বিভিন্ন সেবা গ্রহণে ক্রমেই ডিজিটাল লেনদেনের ওপর নির্ভরশীল হচ্ছে। এ প্রবণতার সঙ্গে সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য লেনদেন ব্যবস্থার প্রয়োজনীয়তাও বাড়ছে।

তিনি বলেন, ডিজিটাল লেনদেনের প্রবৃদ্ধি শুধু লেনদেনের সংখ্যা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রাহকের অভিজ্ঞতা ও আস্থাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মানুষ কতটা সহজে ও নিরাপদে লেনদেন করতে পারছেন, তার ওপরই এ ব্যবস্থার বিস্তার অনেকাংশে নির্ভর করে।

ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে কার্ডধারীদের জন্য বিভিন্ন অফার, ছাড় ও জীবনযাপনভিত্তিক সুবিধা দিচ্ছে মাস্টারকার্ড। এ ছাড়া গুগল পে, শিক্ষার্থীদের জন্য স্পার্ক প্রিপেইড কার্ড এবং কো-ব্র্যান্ডেড প্রিপেইড স্টিকার কার্ড চালুর মতো উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জাকিয়া সুলতানার মতে, ডিজিটাল লেনদেন অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও স্বচ্ছ, গতিশীল ও দক্ষ করতে পারে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের মধ্যে আস্থা তৈরিতেও ভূমিকা রাখে।

এ প্রসঙ্গে তিনি জানান, ২০২৫ সালে বাংলাদেশে নিট বৈদেশিক বিনিয়োগ ৩৯ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬৪ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছে। তার মতে, আর্থিক অন্তর্ভুক্তির এ অগ্রগতি আরও বেশি মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় যুক্ত করার সুযোগ তৈরি করছে।

ডিজিটাল লেনদেনের সুবিধা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছেও পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করেন তিনি। এ ক্ষেত্রে মাস্টারকার্ডের এসএমই ক্রেডিট কার্ড উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও আর্থিক নমনীয়তা বাড়াতে সহায়তা করছে। অন্যদিকে সফটপিওএস প্রযুক্তির মাধ্যমে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ব্যয়বহুল প্রচলিত পিওএস মেশিন ছাড়াই কন্ট্যাক্টলেস কার্ড পেমেন্ট গ্রহণ করতে পারছে।

আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও নির্ভরযোগ্য ডিজিটাল লেনদেন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন জাকিয়া সুলতানা। তার মতে, বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের পাশাপাশি রেমিট্যান্স এবং আন্তর্জাতিক বাণিজ্যে দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত করা প্রয়োজন। মাস্টারকার্ডের বৈশ্বিক নেটওয়ার্ক ও প্রযুক্তি বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে সহায়তা করছে। এতে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও নিরাপদে পরিবারের কাছে পৌঁছানোর সুযোগ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দেশে ইস্যু করা ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা ৯৬ শতাংশ বেড়ে প্রায় ৫ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে। একই সময়ে এসব কার্ডের মাধ্যমে লেনদেনের মোট মূল্য বেড়েছে ১০৩ শতাংশ।

তবে এ প্রবৃদ্ধি ধরে রাখতে লেনদেন অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সাইবার নিরাপত্তা, তথ্যের সুরক্ষা ও আর্থিক সাক্ষরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ডিজিটাল আর্থিক সেবা সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

জাকিয়া সুলতানা বলেন, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান ও প্রযুক্তি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বিকশিত ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবন, কার্যকর অংশীদারত্ব এবং গ্রাহকের আস্থা বাড়ানোর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:আন্তর্জাতিক লেনদেন ডিজিটাল পেমেন্ট খাত প্রবৃদ্ধি মাস্টারকার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…