বিনোদন

বক্স অফিসে ব্যর্থতার পরও মেলানিয়াকে নিয়ে কেন নতুন সিরিজ?

বক্স অফিসে ব্যর্থতার পরও মেলানিয়াকে নিয়ে কেন নতুন সিরিজ?

সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নতুন সিরিজ প্রকাশ করতে যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও। ‘মেলানিয়া: দ্য সিরিজ’ শিরোনামের দুই পর্বের এই সিরিজটি আগামী ২০ নভেম্বর মুক্তি পাবে। গত ৬ নভেম্বর প্রকাশ করা হয়েছে সিরিজটির আনুষ্ঠানিক ট্রেলার। 

তবে এই নতুন সিরিজ ঘিরে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কারণ, মেলানিয়াকে নিয়ে নির্মিত আগের তথ্যচিত্রটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। বরং ছবিটি থেকে অ্যামাজন কয়েক মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি কেন আবারও মেলানিয়াকে নিয়ে নতুন সিরিজ আনছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

‘মেলানিয়া: দ্য সিরিজ’ মূলত ২০২৬ সালের ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া ‘মেলানিয়া’ তথ্যচিত্রের ধারাবাহিকতা। ব্রেট র‌্যাটনার পরিচালিত ওই তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের আগের ২০ দিনের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছিল।

নতুন সিরিজটি নির্মাণে যুক্ত রয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওস, মিউজ ফিল্মস, নিউ এলিমেন্ট মিডিয়া এবং র‌্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট। দুই পর্বে সাজানো সিরিজটি দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

অ্যামাজনের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরিজটিতে মেলানিয়ার জীবনের এমন কিছু গল্প তুলে ধরা হবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের অভিষেকের পরের বিশেষ সময়ের নানা ঘটনাও উঠে আসবে এতে। দর্শকেরা মেলানিয়ার ব্যক্তিগত জীবন ও অভিজ্ঞতা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন।

এর আগে গত আগস্টে মেলানিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক বেকম্যান সিরিজটি নির্মাণের বিষয়ে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন। ‘রিয়েল আমেরিকান ভয়েস’ অনুষ্ঠানে উপস্থাপক এরিক বোলিংয়ের সঙ্গে আলাপকালে তিনি জানান, নতুন সিরিজটি আগের তথ্যচিত্রের তুলনায় আরও বিস্তৃত গল্প তুলে ধরবে। এর উপস্থাপনাও হবে ভিন্নধর্মী, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।

এদিকে আগের তথ্যচিত্রটি মুক্তির পর সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়। বক্স অফিসেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি তথ্যচিত্রটি। ইউরো নিউজের এক প্রতিবেদনে এটিকে অ্যামাজনের জন্য উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হিসেবে উল্লেখ করা হয়। তবে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই চুক্তির পক্ষে অবস্থান নিয়ে একে ভালো ব্যবসায়িক সিদ্ধান্ত বলে অভিহিত করেছিলেন। ট্রাম্প পরিবারের সঙ্গে অ্যামাজনের ব্যবসায়িক সম্পর্কের পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বলেও জানিয়েছিলেন তিনি।

তাহলে লোকসানের পরও কেন এই উদ্যোগ? এই বিষয়ে বিশ্লেষকদের একাংশের ধারণা, দায়িত্বে থাকা একজন ফার্স্ট লেডির জীবন ও অভিজ্ঞতা নিয়ে কাজ করার সুযোগ অ্যামাজনের জন্য বিশেষ ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করতে পারে। আবার কেউ কেউ ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টিকেও এই সিদ্ধান্তের সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন। তবে অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্তের ভিত্তি ব্যবসায়িক বিবেচনা।

তবে নতুন সিরিজ নিয়ে মেলানিয়া ট্রাম্প নিজে এখনো প্রকাশ্যে বিস্তারিত কোনো মন্তব্য করেননি। সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য কিংবা পূর্ণাঙ্গ পর্বতালিকাও প্রকাশ করেনি অ্যামাজন। দ্য স্টেটসম্যান

বিষয়:অ্যামাজন প্রাইম ভিডিও তথ্যচিত্র ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…