ক্রিকেট বিশ্বে আলোচিত এক বিষয় এখন বিরাট কোহলির একটানা বাজে ফর্ম। ইংল্যান্ড সফরে সবশেষ সিরিজে সব ফরম্যাট মিলিয়ে ভারতের সাবেক অধিনায়ক ৬ ইনিংসে ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কোহলিকে তাই বিশ্রাম দেয়া হয়। জিম্বাবুয়ে সফরের স্কোয়াডেও রাখা হয়নি। তবে টিম ইন্ডিয়ার সাবেক উইকেটরক্ষক পার্থিব প্যাটেলের বিশ্বাস, এশিয়া কাপে কোহলি ঠিকই দলে ফিরবেন এবং ওপেনারের ভূমিকায় দেখা যাবে তাকে।
‘আমার মনে হয় এশিয়া কাপে ওপেন করবেন বিরাট কোহলি। শুধু একটি জন্য নয়, অনুভব করি তিনি ওপেন করবেন। আমার কথায় অটল থাকছি।’
২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে কোহলিকে সবশেষ ওপেনিংয়ে দেখা গিয়েছিল। সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি আটটির বেশি ম্যাচে ওপেন করেননি।
উইন্ডিজ সফরে কোহলি, জাসপ্রিত বুমরাহ এবং যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেয়া হয়েছিল। ২৭ আগস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপে এ তিন ক্রিকেটার ফিরবেন বলেই ধরা হচ্ছে।
সবার দৃষ্টি যদিও কোহলির দিকে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এত দীর্ঘ সময় বাজে ফর্মের পর তার কাছে বড় ইনিংসের প্রত্যাশা আরও বাড়ছেই।







