অপরাধ

তাহসিফ হত্যা: সিসিটিভি ও ফোনের তথ্য যাচাইয়ে আবারও রিমান্ডে দ্বীপ

তাহসিফ হত্যা: সিসিটিভি ও ফোনের তথ্য যাচাইয়ে আবারও রিমান্ডে দ্বীপ

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম রিমান্ডের এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন দ্বীপকে ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে তিনি আটটি কারণ উল্লেখ করেন।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে দ্বীপের আইনজীবী মুতাসিম বিল্লাহ রিমান্ড আবেদন বাতিলের আবেদন জানান। দুই পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, তাহসিফ সাউরিকে মৃত্যুর আগে শেষবারের মতো দ্বীপ ও মামলার আরেক সন্দেহভাজন জেরিকা তাসনিম দিশার সঙ্গে দেখা গেছে। ঘটনার আগে তাহসিফ তাদের সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে ঘোরাফেরা ও খাওয়াদাওয়া করেছেন। এসব তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, সংগৃহীত সিসিটিভি ফুটেজ দ্বীপকে সঙ্গে নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করা প্রয়োজন। তাহসিফের সঙ্গে নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থানের সময় দ্বীপ ১৫ থেকে ২০ মিনিটের জন্য অন্যত্র গিয়েছিলেন। ওই সময় তিনি কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তা অনুসন্ধান করা হবে।

এ ছাড়া তাহসিফ, দ্বীপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) সংগ্রহ ও বিশ্লেষণ, হত্যাকাণ্ডের উদ্দেশ্য উদঘাটন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং হত্যার প্রকৃত স্থান নির্ধারণের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর উত্তরখান থানায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের করা হত্যা মামলায় দ্বীপকে গ্রেপ্তার দেখানো হয়।

তাহসিফ নিখোঁজ হওয়ার পর থেকে তার মরদেহ উদ্ধারের আগপর্যন্ত কী ঘটেছিল, সে বিষয়ে দ্বীপের বক্তব্যের সত্যতা যাচাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডে তার কোনো ভূমিকা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। দ্বীপের দেওয়া তথ্য সরেজমিনে যাচাইয়ের পাশাপাশি প্রযুক্তিগতভাবেও বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ। মরদেহের কাছে থাকা আইফোন ও হাতঘড়ি দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়।

গত বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ উত্তরার ১৮ নম্বর সেক্টরে নেওয়া হয়। বিকেল ৪টায় রুয়াপ কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিষয়:৩ দিনের রিমান্ড ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাহসিফ সাউরি দ্বীপ পিবিআই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…