খামেনিকে হত্যা করা ভুল সিদ্ধান্ত ছিল: ইসরায়েলি নেতা ইয়ার গোলান

ছবি: সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান ইয়ার গোলান। তার মতে, এ হত্যাকাণ্ড ইসরায়েলের জাতীয় স্বার্থের অনুকূলে যায়নি।
গত শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত ‘দ্য টাইমস অব ইসরাইল’-এর এক প্রতিবেদনে বলা হয়, তেল আবিবের দক্ষিণে রিশন লেজিওন শহরে একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন গোলান।
তিনি বলেন, খামেনির মতো ব্যক্তিত্বকে হত্যা করা ভুল ছিল বলে তিনি দ্ব্যর্থহীনভাবে মনে করেন। খামেনি মৃত্যুর যোগ্য ছিলেন কি না, সেটি মূল বিষয় নয়। বরং এ হত্যাকাণ্ড ইসরাইলের স্বার্থ রক্ষা করেনি।
এ সময় খামেনির বয়স ৮৬ বছর হয়েছিল বলেও উল্লেখ করেন ইসরায়েলের এই রাজনীতিক।
খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি ইরানের নেতৃত্ব গ্রহণ করায় দেশটি এখন আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন গোলান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন তিনি। গোলানের মতে, ইরানের সরকার পতনের যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন নেতানিয়াহু, তা ছিল অবাস্তব। শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জনেও ব্যর্থ হয়েছেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান।
এর ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যায়। হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক তেল পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারেও জ্বালানির দাম বেড়ে যায়।
পরে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় শত্রুতা বন্ধ এবং আলোচনার পথ তৈরির লক্ষ্যে গত জুনে ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করে।






