নাপোলির মাঠে খেলতে আস্তাদিও ডিয়োগো আর্মান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে ঢোকার আগমূহূর্তে টিম বাসে আক্রমণের শিকার হয়েছে জুভেন্টাস। ইতালির লিগ সিরি আতে রোববার রাতের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে সফরকারীদের বাসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে ম্যাচে হেরে ফিরেছে তুরিনের ক্লাবটি।
ঘরের মাঠে ডেনিশ সেন্টার ফরোয়ার্ড রাসমাস হলুন্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে নাপোলি। টানা তিন ম্যাচে জিতে লিগে শীর্ষ ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ১ পয়েন্ট কমে ৩০ নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান। ২৩ পয়েন্ট নিয়ে ৭এ জুভেন্টাস।
নাপোলির সমর্থকরা ম্যাচের আগে জুভেন্টাসের টিম হোটেলে ফায়ারক্র্যাকার্সও ফুটিয়েছিল, ম্যাচের আগের রাতেও।পরে মাঠে ঢোকার আগে স্বাগতিক সমর্থকদের হামলায় জুভেন্টাসের টিম বাসের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়।
জুভেন্টাসের নতুন কোচ লুসিয়ানো স্পালেত্তি একসময় নাপোলির কোচের চেয়ারে ছিলেন। ৬৬ বর্ষী কোচ সাবেক ক্লাবের মাঠে ফেরার আগেই টিম বাস আক্রমণের শিকার হতে দেখলেন।
২০২১ থেকে ২০২৩, দুই মৌসুমে স্পালেত্তি নাপোলির কোচ ছিলেন। ২০২২-২৩ মৌসুমেই ৩৩ বছর পয় নাপোলিকে লিগ শিরোপা জয়ের স্বাদ এনে দিয়েছিলেন। চলতি বছরের অক্টোবরে জুভেন্টাসের দায়িত্ব নেন তিনি।







