আন্তর্জাতিক

পিজ্জায় আনারস দিতে রাজি না হওয়ায় চাকরি হারালেন ইতালির শেফ

পিজ্জায় আনারস দিতে রাজি না হওয়ায় চাকরি হারালেন ইতালির শেফ

পিজ্জায় আনারস ব্যবহার করতে রাজি না হওয়ায় অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি রেস্তোরাঁ থেকে চাকরি হারিয়েছেন ইতালির শেফ দাভিদে তাম্বুরেলা। তার দাবি, পিজ্জায় আনারস দেওয়া তার সংস্কৃতির প্রতি অপমানের শামিল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি নিউজ এই তথ্য জানায়।

গত মে মাসে লা কোস্টা নামের রেস্তোরাঁটি থেকে চাকরিচ্যুত হন তিনি। এর দুই সপ্তাহ আগে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক হয়েছিল তার। সেখানে শেফের আচরণ নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়।

অভিযোগগুলোর মধ্যে ছিল, একটি অনুষ্ঠানের অতিথিদের জন্য হ্যাম ও আনারস দেওয়া পিজ্জা তৈরি করতে অস্বীকৃতি জানান তাম্বুরেলা। সে সময় তিনি বলেছিলেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোনো নির্দেশ তার সংস্কৃতির জন্য অপমানজনক হলে তা মানার প্রয়োজন নেই।

চাকরিচ্যুত হওয়ার পর অন্যায্যভাবে বরখাস্তের অভিযোগ তুলে অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশনের দ্বারস্থ হন এই শেফ। সেখানেই বিষয়টি সামনে আসে।

মঙ্গলবার প্রকাশিত কমিশনের সিদ্ধান্তে বলা হয়, ইতালির হিসেবে পিজ্জায় আনারস দেওয়াকে নিজের সংস্কৃতির প্রতি অপমান মনে করেন তাম্বুরেলা। এ কারণে তিনি পিজ্জায় আনারস ব্যবহার করতে রাজি হননি।

কমিশন আরও জানায়, গত চার বছরে এটি তৃতীয়বারের মতো পিজ্জায় আনারস ব্যবহার করতে অস্বীকৃতি জানান তিনি। এর আগে নিজের বসকে ইতালিদের কাছে পিজ্জায় আনারস না দেওয়ার গুরুত্ব যাচাই করে দেখার অনুরোধও জানিয়েছিলেন তাম্বুরেলা।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত রেস্তোরাঁটি। রাজ্যটিকে দেশটির আনারস উৎপাদনের প্রধান অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে বাণিজ্যিকভাবে উৎপাদিত সব আনারসের জোগান আসে এই রাজ্য থেকে।

সানশাইন কোস্ট এলাকায় পর্যটকেরা প্রায়ই ১৬ মিটার উঁচু ফাইবারগ্লাসের তৈরি বিশাল আনারসের মডেলের পাশে ছবি তুলতে যান। ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃত এই স্থাপনাটি স্থানীয় পরিচিত নিদর্শনে পরিণত হয়েছে।

তবে শুধু পিজ্জায় আনারস ব্যবহার নিয়ে আপত্তিই নয়, তাম্বুরেলার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ ছিল। এর মধ্যে রয়েছে অশালীন ভাষা ব্যবহার, যোগাযোগের ধরন এবং কর্মক্ষেত্রে ক্রমাগত বিরক্তি প্রকাশের অভিযোগ।

কমিশনের নথিতে চলতি বছরের এপ্রিলের একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। সে সময় একটি ধাতব হাতলে আঘাত করার ফলে তাম্বুরেলার ডান হাতের কয়েকটি হাড় ভেঙে যায়।

তাম্বুরেলার আশা ছিল, রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাকে এমন একটি ভিসার জন্য স্পনসর করবে, যার মাধ্যমে দক্ষ কর্মীরা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। তবে চাকরিচ্যুত হওয়ার পর রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া বন্ধ করে দেয় বলে ট্রাইব্যুনালকে জানানো হয়।

অন্যায্যভাবে চাকরিচ্যুতির অভিযোগে করা মামলাতেও হেরে যান তিনি। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের পরে আবেদন করায় তাঁর অভিযোগটি গ্রহণ করা হয়নি।

রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইনগ্রাম ডেইলি মেইলকে বলেন, ‘এই ঘটনার পেছনে শুধু পিজ্জার টপিংয়ের চেয়ে আরও অনেক বিষয় রয়েছে।’

তাম্বুরেলার লিংকডইন প্রোফাইলে নিজেকে এমন একজন শেফ হিসেবে পরিচয় দিয়েছেন, যিনি কর্মজীবনে উন্নত মানের খাবার পরিবেশন এবং ব্যবসার কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

তিন মাস আগে তিনি ‘শেফদের জন্য চিঠি’ শিরোনামে একটি পোস্ট দেন। সেখানে খাবারের উপকরণের প্রতি সম্মান দেখানোর বিষয়টি তুলে ধরেন।

লিংকডইন প্রোফাইল অনুযায়ী, বর্তমানে ব্রিসবেনের অন্য একটি রেস্তোরাঁয় কাজ করছেন তিনি। বিবিসি যাচাই করে দেখেছে, নতুন রেস্তোরাঁটির খাবারের তালিকায় আনারস নেই।

বিষয়:ইতালি ইতালির শেফ চাকরি হারালেন বিবিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…