বিনোদন

চীনের ভয়ে ‘মাতৃভূমি’র চিত্রনাট্য বদল, যা বললেন সালমান খান

চীনের ভয়ে ‘মাতৃভূমি’র চিত্রনাট্য বদল, যা বললেন সালমান খান

মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়েছে বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নাম পরিবর্তনের পাশাপাশি গল্পেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে দাবি উঠেছে।

ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কের উন্নতির বিষয়টি বিবেচনায় রেখেই এই পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছে সরকারি সূত্র।

শুক্রবার (৬ নভেম্বর) মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন সালমান খান। সরকারি চাপের কারণে চিত্রনাট্য পরিবর্তন কিংবা সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়ার অভিযোগকে তিনি ‘বাজে কথা’ বলে অভিহিত করেন।

সরকারি সূত্রের দাবি, অপুর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটি শুরুতে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। ওই সংঘর্ষে চীনা বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থানে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। তবে পরবর্তী সময়ে ভারত-চীন সম্পর্কের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিনেমাটির চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়। এমনকি প্রায় ৪০ শতাংশ দৃশ্য নতুন করে ধারণ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক চিত্রনাট্যে চীনকে সরাসরি প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার বিষয়টি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আপত্তি ছিল। পরে যুদ্ধের জাতীয়তাবাদী ও সামরিক সংঘাতের দিকের পরিবর্তে এর মানবিক মূল্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। ২০২৫ সালের জুলাইয়ে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। প্রায় ১০ মাস আগে প্রকাশ করা হয় এর টিজার।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ সিনেমাটির টিজারের সমালোচনা করেছিল। তাদের অভিযোগ, ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় সংঘটিত সংঘর্ষের ঘটনাকে সিনেমায় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস’ বই সিরিজের সহলেখক শিব অরুর ও রাহুল ‍সিং সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়েছেন। সিনেমাটির সাথে তাদের সম্পৃক্ততার অবসান ঘোষণা করে তারা দাবি করেন, সিনেমার গল্প তাদের বইয়ে বর্ণিত গালওয়ান সংঘর্ষের বিবরণ থেকে অনেকটাই সরে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শিব অরুর জানান, গল্পের পরিবর্তনের কারণে তারা প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ইউটিউবার ধ্রুব রাঠিও অভিযোগ করেছিলেন, চীনকে ইতিবাচকভাবে উপস্থাপনের জন্য সিনেমাটির কয়েকটি দৃশ্য নতুন করে ধারণ করতে বলা হয়েছিল।

তবে এসব অভিযোগের সাথে একমত নন সালমান খান। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেন, ‘মাতৃভূমি’ কোনো বায়োপিক নয়। গালওয়ান সংঘর্ষে নিহত কর্নেল বি সন্তোষ বাবুর জীবন অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে- এমন ধারণাও নাকচ করেন তিনি।

সালমান বলেন, তিনি এমন একটি সিনেমা করতে চেয়েছেন, যেখানে দুই দেশের সেনাদের মধ্যকার সংঘাতের পাশাপাশি এর মানবিক দিকও উঠে আসবে। তার মতে, সিনেমায় ভারত ও চীনের সেনাদের উপস্থিতি থাকলেই দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, এমনটা ভাবার কারণ নেই। একটি সিনেমা নির্মাণের কারণে চীন ভারতকে আক্রমণ করবে, এমনটিও তিনি বিশ্বাস করেন না।

সরকারের চাপে চীন বিরোধী বক্তব্য বাদ দিয়ে চিত্রনাট্য পরিবর্তন করা হয়েছে-এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশ সবার আগে। দুই পক্ষই নিজেদের দেশের জন্য চেষ্টা করছে।’

এদিকে, সিনেমাটির একটি গান নিয়েও সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত ‘তেরি সেক্সি বিউটি’ শিরোনামের গানটিতে সালমান খান ও চিত্রাঙ্গদা সিংকে দেখা গেছে। প্রায় ১১ বছর পর এই গানের মাধ্যমে প্লেব্যাক গানে ফিরেছেন সালমান। তবে গানের কথার ধরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তি জানিয়েছেন অনেকেই। যুদ্ধ ও দেশাত্মবোধক বিষয়কে কেন্দ্র করে নির্মিত সিনেমায় এমন গান কতটা মানানসই, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গালওয়ান সংঘর্ষে নিহত সেনাদের প্রতি যথাযথ সম্মান দেখানো হয়েছে কি না, সে বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।

তবে সব বিতর্ক পেরিয়ে আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ছাড়পত্র এবং অনাপত্তিপত্র পাওয়ার পর সিনেমাটির মুক্তির প্রস্তুতি চলছে। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাগঙ্গদা সিং।

নাম পরিবর্তন, গল্পের রদবদল, ভারত-চীন সম্পর্ক এবং গান নিয়ে বিতর্ক- সব মিলিয়ে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সালমান খানের এই সিনেমা। টেলিগ্রাফ ইন্ডিয়া

বিষয়:‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ চিত্রাঙ্গদা সিং বিতর্ক ভারত-চীন সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…