জার্মানি-আর্জেন্টিনা নাকি ইতালি, নিকোলো ত্রেসোলদি আসলে কার?

নিকোলো ত্রেসোলদির বয়স কেবল ২২, খেলেন জার্মানির অনূর্ধ্ব-২১ দলে। বেলজিয়ামের ক্লাব ব্রুগের আক্রমণভাগের অন্যতম একজন হয়ে উঠেছে। দুই রাত আগে, চ্যাম্পিয়ন্স লিগে ইতালিতে ইন্টার মিলানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। দলকে জিতিয়েছেন ৪-৩ গোলে। এখন শিরোনামে তিনি, প্রশ্ন কোন দেশের হয়ে শুরু করবেন সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক ক্যারিয়ার। নিকোলো জার্মানদের বয়সভিত্তিক দলে খেললেও কেন বারবার আসছে ইতালি এবং আর্জেন্টিনার নাম?
পারিবারিক সূত্রে জার্মানি, ইতালি এবং আর্জেন্টিনা, তিন দেশেরই বংশোদ্ভূত ত্রেসোলদি। এখনও সিদ্ধান্ত নেননি কোন দেশের হয়ে খেলবেন। আন্তর্জাতিকভাবে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নের যেকোনো একটিকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিতে পারবেন তিনি। ইতালিতে জন্ম, সেখানেই বেড়ে ওঠা। সেখানে তিনি ফুটবল ও টেনিস উভয় খেলা শুরু করেছিলেন, শেষ পর্যন্ত ফুটবলকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন। তার বাবা ইতালীয় এবং মা ইতালীয় বংশোদ্ভূত আর্জেন্টাইন। তার বাবা, ইমানুয়েল ত্রেসোলদিও একজন ফুটবলার ছিলেন।
ইতালির বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাবে ট্রায়াল দেয়ার সুযোগের পর, ১৩ বছর বয়সে মায়ের চাকরির সুবাদে নিকোলো পরিবারের সাথে জার্মানির হ্যানোভারে চলে যান। এরপর হ্যানোভার৯৬ ক্লাবের যুব দলে যোগ দেন। সেখানেই বাকি সময় কাটান। পরে জার্মানির বয়সভিত্তিক দলে খেলেন।
জার্মান গণমাধ্যম জানাচ্ছে, জার্মানদের হয়তো তাকে দলে পেতে বড় প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। ত্রেসোলদি এমন একজন খেলোয়াড়, যার উপর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিশেষ নজর রাখা উচিত।
আপাতত ত্রেসোলদি কোন সিদ্ধান্ত নেয়ার জন্য তাড়াহুড়ো করছেন না। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের পর বেশ আলোচনা এসে সাক্ষাৎকারে পারিবারিক পরিচয় স্পষ্ট করেছেন। একই সাথে তিনটি সম্ভাবনাই খোলা রেখেছেন। ত্রেসোলদি বলেছেন, ‘আমি ইতালীয়, আবার জার্মানও, আর আমার মা আর্জেন্টাইন। সঠিক সময়ে সিদ্ধান্ত নেব (কোন দেশের হয়ে খেলবেন)।’
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে লিগপর্বে দ্বিতীয় রাউন্ডে ইতালিতে হয়ে যায় গোল উৎসব। ঘরের মাঠ সান সিরোতে ক্লাব ব্রুগের বিপক্ষে ৪-৩ গোলে হারে মিলান। ম্যাচে ৩০ মিনিটে পেনাল্টি থেকে সফরকারীদের লিড এনে দেন ত্রেসোলদি। ৪৪ মিনিটে লৌতারো মার্টিনেজের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬৩ মিনিটে ত্রেসোলদির দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় বেলজিয়ামের ক্লাবটি। ৭৪ মিনিটে তিনি হ্যাটট্রিক পূর্ণ করলে ৩-১ ব্যবধান হয় ব্রুগের। ৮১ মিনিটে লৌতারোর দ্বিতীয় গোলে ৩-২ হয় স্কোর। ৮৭ মিনিটে রোমিও ভার্মান্টের গোলে ৪-২তে এগিয়ে যায় সফরকারীরা। ৯০ মিনিট শেষে যোগ করা তৃতীয় মিনিটে আঙ্গে-ইয়োয়ান বনির গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি মিলান।





