বিনোদন

মারা গেছেন অস্কারজয়ী নির্মাতা সেবাস্তিয়ান লেলিও

মারা গেছেন অস্কারজয়ী নির্মাতা সেবাস্তিয়ান লেলিও

চলচ্চিত্রের শুটিং অসম্পূর্ণ  রেখেই মারা গেলেন চিলির অস্কারজয়ী নির্মাতা সেবাস্তিয়ান লেলিও। শুক্রবার (৬ নভেম্বর) ৫২ বছর বয়সে চিলির রাজধানী সান্তিয়াগোতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় নিজের দশম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

লেলিওর জীবনসঙ্গী অভিনেত্রী আমালিয়া কাসাই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার মৃত্যুর খবর জানান।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যগত কারণে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। একই সঙ্গে এই শোকের সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে।

১৯৭৪ সালে আর্জেন্টিনার মেন্দোজা শহরে জন্মগ্রহণ করেন সেবাস্তিয়ান লেলিও। দুই বছর বয়সে পরিবারের সঙ্গে চিলিতে চলে আসেন তিনি। পরবর্তী সময়ে চিলিয়ান ফিল্ম স্কুলে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেন। ২০০৫ সালে ‘লা সাগ্রাদা ফামিলিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন তিনি।

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘গ্লোরিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান লেলিও। ছবিটির জন্য অভিনেত্রী পাওলিনা গার্সিয়া বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন।

তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে। ২০১৭ সালে মুক্তি পাওয়া ছবিটিতে ড্যানিয়েলা ভেগা একজন ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করেন। প্রেমিকের মৃত্যুর পর তার পরিবার ও সমাজের নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার গল্প উঠে আসে এতে। ২০১৮ সালে ছবিটি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জেতে। এ পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বিশেষ স্বীকৃতি পান লেলিও।

এরপর ইংরেজি ভাষার চলচ্চিত্র নির্মাণেও সাফল্য পান তিনি। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ডিসওবিডিয়েন্স’, ‘গ্লোরিয়া বেল’ এবং ‘দ্য ওয়ান্ডার’। এসব ছবিতে র‍্যাচেল ওয়েইজ, জুলিয়ান মুর ও ফ্লোরেন্স পিউয়ের মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন।

চলচ্চিত্রে নারী চরিত্রের উপস্থাপন এবং সমাজের প্রান্তিক মানুষের জীবনকে গুরুত্ব দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন লেলিও। তার নির্মাণশৈলীতে ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক বাস্তবতা ও মানবিক সংকটের নানা দিক উঠে এসেছে।

মৃত্যুর আগে আলেজান্দ্রো জামব্রার উপন্যাস অবলম্বনে ‘চিলিয়ান পোয়েট’ চলচ্চিত্রের শুটিং করছিলেন তিনি। ফাবুলা প্রযোজিত ছবিটি হওয়ার কথা ছিল তার দশম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তার আকস্মিক মৃত্যুতে ছবিটির কাজ অসমাপ্ত থেকে গেল।

চিলির সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সেবাস্তিয়ান লেলিওর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লা মোনেদা সাংস্কৃতিক কেন্দ্রের সিনেতেকা নাসিওনালে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হবে। তার মৃত্যুতে চিলির চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মার্টিনসিআইডি

বিষয়:অস্কার চলচ্চিত্র চিলি পরিচালক মৃত্যু সেবাস্তিয়ান লেলিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…