জবিতে ভর্তির আবেদন শুরু, কোন ইউনিটে কত জিপিএ লাগবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ইউনিটভেদে আবেদন ফি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউনিটগুলো হলো—বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিট, কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিট এবং চারুকলা অনুষদের ‘ই’ ইউনিট।
আবেদনের যোগ্যতা ও জিপিএ
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ইউনিটভেদে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ন্যূনতম শর্ত আলাদা।
‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স): এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর নিচে হওয়া যাবে না। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
‘বি’ ইউনিট (কলা ও আইন): দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর নিচে হওয়া যাবে না। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ): এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর নিচে হওয়া যাবে না। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান): দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর নিচে হওয়া যাবে না। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
‘ই’ ইউনিট (চারুকলা): দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর নিচে হওয়া যাবে না। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।
দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন। তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে না পারলে তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে।
জানুয়ারিতে ভর্তি পরীক্ষা, কোন ইউনিটের কবে
আগামী বছরের জানুয়ারিতে ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।
পরীক্ষার সময়সূচি হলো—
ইউনিট পরীক্ষার তারিখ সময়
‘এ’ ইউনিট ১ জানুয়ারি সকাল ১০টা–১১টা
‘ই’ ইউনিট ৮ জানুয়ারি সকাল ১০টা–১১টা
‘বি’ ইউনিট ১৫ জানুয়ারি সকাল ১০টা–১১টা
‘সি’ ইউনিট ২২ জানুয়ারি সকাল ১০টা–১১টা
‘ডি’ ইউনিট ২৩ জানুয়ারি সকাল ১০টা–১১টা
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনের নিয়ম ও অন্যান্য নির্দেশনা জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে: admission.jnu.ac.bd।






