জবির বাসে আগুন: আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব করছে বাস কমিটি

গ্যারেজে মেরামতের জন্য রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনকারী ‘নোঙর’ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর ডেমরার মাতুয়াইলের একটি গ্যারেজে থাকা বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও বাস কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নরসিংদী রুটের শিক্ষার্থীদের বহনকারী ‘নোঙর’ বাসটি কিছুদিন ধরে যান্ত্রিক ত্রুটিতে ভুগছিল। ত্রুটি সারানোর জন্যই বাসটিকে ডেমরার ওই গ্যারেজে পাঠানো হয়েছিল। ঘটনার সময় গ্যারেজে জবির বাসটির ঠিক পাশেই অন্য একটি গাড়িতে ওয়েল্ডিংয়ের (ঝালাই) কাজ চলছিল। সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার পর আগুনের তীব্রতা বেড়ে গেলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ও গ্যারেজ কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া জানান, অগ্নিকাণ্ডের সময় বাসটিতে কোনো শিক্ষার্থী বা স্টাফ ছিলেন না। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাসটি পুড়ে যাওয়ায় কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, এখন তা নিরূপণ করা হচ্ছে।
জবির পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় মেরামতের জন্য বাসটি গ্যারেজে পাঠানো হয়েছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, বাসটির যে ক্ষতি হয়েছে তা গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে।






