বিনোদন

জগন্নাথে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

জগন্নাথে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ নভেম্বর (সোমবার) ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেদিন শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নগরবাউল জেমসের কনসার্ট। 

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত কর্মসূচি থেকে জানা যায়, আগামী সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গনে জেমসের পরিবেশনা অনুষ্ঠিত হবে।

কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টায় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদের উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন রয়েছে।

দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জবি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (অফসাইড, কোমল গান্ধার, কিম্ভূত, স্বরূপ) অংশ নেবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে উঠবেন জেমস। তার জনপ্রিয় গান উপভোগ করতে মুখিয়ে রয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় দিবসের কনসার্ট ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রিয় শিল্পীকে সরাসরি দেখার ও গান শোনার অপেক্ষায় রয়েছেন অনেকে।

বিষয়:কনসার্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় জেমস নগরবাউল বিশ্ববিদ্যালয় দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…