ফুটবল

বাটলারের ‘কৌশলে’ পরিবর্তন আনছেন না এরিক

বাটলারের ‘কৌশলে’ পরিবর্তন আনছেন না এরিক

বাংলাদেশ জাতীয় দলের কোচ পিটার জেমস বাটলার অসুস্থ। তার পরিবর্তে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ফ্রান্সের এরিক মারে। সিঙ্গাপুরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। জানিয়েছেন বাটলারের কৌশলের পরিবর্তন করবেন না তিনি। 

মেয়েদের কোচ বাটলারের কৌশল নিয়ে প্রশ্নের উত্তরে এরিক মারে বলেন, ‘দেখুন, আমরা একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এখানে দুই সপ্তাহ ধরে আছি, মেয়েদের সঙ্গে অনুশীলন করছি। আমি সবকিছু বদলে ফেলতে যাচ্ছি না। এর মানে হলো, মেয়েদের সঙ্গে আমরা যেভাবে কাজ করছি তা প্রায় আগের মতোই আছে এবং আমরা সেটাই ধরে রেখেছি। আমরা কীভাবে খেলব সেভাবে দলকে গুছিয়েছি, আর পিটার যা করছিলেন প্রায় সেরকমই। আমি সবকিছু বদলে দেওয়ার জন্য আসিনি। সেটা ন্যায্যও হতো না।’

‘খেলোয়াড়দের চিনতে ও বুঝতে আমার দুই সপ্তাহ সময় লেগেছে। তাই আগামী দুই সপ্তাহে আমরা একসঙ্গে কাজ করে বিষয়টি এগিয়ে নেয়ার চেষ্টা করছি। মাঠে আমি যা দেখছি, আমরা দলের সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি, যা খুব গুরুত্বপূর্ণ। মাঠের সেই পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের দুটি ম্যাচ আছে।’

সিঙ্গাপুরে প্রবাসী বা বংশোদ্ভূত খেলোয়াড় থাকা প্রসঙ্গে এরিক বলেন, ‘আমরা সিঙ্গাপুর দল সম্পর্কে প্রচুর তথ্য সংগ্রহ করেছি। তাদের দলে বিভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড় রয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ড থেকে আসা খেলোয়াড় আছে। তাছাড়া তাদের নতুন কোচও এসেছেন। সুতরাং সিঙ্গাপুর বেশ শক্তিশালী একটি দল। এটা ভাববেন না যে ম্যাচটি সহজ হবে, এটি মোটেও সহজ ম্যাচ নয়।’

নিজেদের শক্তি জানান দিতে এ ফরাসি কোচ আরও বলেন, ‘তবে আমাদেরও মান খেলোয়াড় আছে, মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং আমরা তা নিয়ে কাজ করেছি। অবশ্যই ম্যাচ জেতার জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ভালো খেলার চেষ্টা করব। আমাদের নিজস্ব কৌশল আছে, আমরা তা নিয়ে কাজ করছি। মাঠে মেয়েদের খেলা দেখে আমি সত্যিই খুশি এবং আশা করি সিঙ্গাপুরের বিপক্ষের দুটি ম্যাচেও আমরা মাঠে একইরকম পারফরম্যান্স দেখাতে পারব।’

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচটি হবে ডিসেম্বরের ১ তারিখ, বিশান স্টেডিয়ামে যেখানে কোনো দর্শক থাকতে পারবে না। ক্লোজডোর ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। দ্বিতীয় ম্যাচটি হবে ৫ ডিসেম্বর। এ ম্যাচটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এ ম্যাচটিও বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় হবে।

বিষয়:এরিক বাটলার বাফুফে বাংলাদেশ সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…