৭৩তম জন্মদিন পালনের পরদিন মারা গেছেন নেদারল্যান্ডসের কিংবদন্তি ইয়োহান নিশকেন্স। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাচ সাবেক মিডফল্ডার। বিবৃতিতে নিশকেন্সের মৃত্যুর খবর জানালেও মৃত্যুর কারণ জানায়নি ডাচ ফুটবল ফেডারেশন।
নেদারল্যান্ডস জার্সিতে ৪৯ ম্যাচ খেলেছেন নিশকেন্স। ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপে শিরোপা নির্ধারণী ম্যাচে হেরে যাওয়া ডাচ দলের অংশ ছিলেন। ১৯৭৪ বিশ্বকাপে ৫ গোল আসে তার পা থেকেই।
ক্লাব ক্যারিয়ারে দারুণ উজ্জ্বল ছিলেন নিশকেন্স। ১৯৭০-৭১ থেকে টানা তিন মৌসুমে ডাচ ক্লাব আয়াক্সের হয়ে ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) জয়ে অবদান রাখেন। টানা দুই মৌসুমে ঘরোয়া লিগ জেতেন। আয়াক্সে চার মৌসুম কাটিয়ে যোগ দেন স্পেনিয়ার্ড বার্সেলোনায়। সেখানে পাঁচ মৌসুমে একবার করে কোপা ডেল রে ও ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জেতেন।
১৯৯১ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচিংয়ের যুক্ত হন তিনি। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত ছিলেন নেদারল্যান্ডস জাতীয় দলের সহকারী কোচ। ১৯৯৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা ডাচরা ১৯৯৮ আসরে হয় চতুর্থ।
অস্ট্রেলিয়া জাতীয় দল ও বার্সেলোনায় সহকারী কোচের দায়িত্ব পালনের পাশাপাশি বেশ কয়েকটি ক্লাবে প্রধান কোচ হিসেবে কাজ করেছেন নিশকেন্স।







