স্থল অভিযান ও ইসরায়েলি বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজা উপত্যকার ৭৭ শতাংশ দখলে নিয়েছে ইসরায়েল। এমনকি গাজায় থাকা ফিলিস্তিনি নাগরিকদের তাদের বাড়িঘর, এলাকা ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনারা।
আজ (২৬ মে) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, এলাকা ছেড়ে না গেলে গুলি চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়। এছাড়া সকাল থেকে চালানো অভিযানে গাজায় আরো ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এই ৩০ জনের মধ্যে হাসান মাজিদি আবু ওয়ার্দা নামে এক সাংবাদিকসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন। গাজায় ১৯ মাস ধরে চলমান হামলায় এই পর্যন্ত মোট ২২০ জন সাংবাদিক নিহত হয়েছেন।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, গাজায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন। এমন পরিস্থিতিতে খাবারসহ জরুরি পণ্যের অভাবে অনাহার-অর্ধাহারে রয়েছেন গাজার বাসিন্দারা।
ইসরায়েল গাজায় দিনে ১০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও তার অনেক কম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে উপত্যকাটির কর্তৃপক্ষ।







