বিশ্বকাপকে সামনে রেখে ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য যুক্তরাষ্ট্র প্রবেশের ভিসা অনুমোদন করা হয়েছে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তাও পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেন।
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত এবং অস্থির পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ভিসা অনুমোদনের ফলে সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে।
ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবল দলের ভিসাপ্রক্রিয়ার কাজটি চমৎকারভাবে সম্পন্ন করায় আঙ্কারায় মার্কিন দূতাবাসের পুরো টিমকে নিয়ে আমি গর্বিত। খেলাধুলা সব সীমানা ছাড়িয়ে যায়। আমরা বিশ্বজুড়ে সব প্রতিযোগী ও সমর্থকদের স্বাগত জানাতে মুখিয়ে আছি।’
পরিচয় প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, ভিসা প্রদান করা হলেও নিরাপত্তা ইস্যুতে কোন ধরনের শৈথিল্য দেখানো হবে না। ইরান দলের সফর ব্যবস্থার অপব্যবহার করে কেউ যেন অবৈধ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি থাকবে।
মার্কিন কর্মকর্তাদের মতে, খেলোয়াড়দের পাশাপাশি কোচ, ফিটনেস ট্রেইনার এবং কিছু সহায়ক স্টাফের জন্যও ভিসা অনুমোদন করা হয়েছে। তবে কোন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাসপোর্ট ফেরত পাওয়ার পরই দলটি যুক্তরাষ্ট্র বা মেক্সিকোর উদ্দেশ্যে যাত্রা করতে পারবে।
বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলবে। ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার পর সিয়াটলে মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।







