আন্তর্জাতিক

আইএইএ ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দিয়েছে

আইএইএ ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দিয়েছে

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকেরা ইরানের পারমাণবিক স্থাপনাসংক্রান্ত তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভাগাভাগি করেছেন বলে সন্দেহ করছে তেহরান।

এ কারণে সংস্থাটির পরিদর্শকদের আবারও ইরানে প্রবেশের অনুমতি দিতে অনীহা দেখাচ্ছে দেশটি।

অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়ে পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে আইএইএ।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ’র পরিচালনা পর্ষদের আসন্ন বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকটি সরাসরি ইরানকে কেন্দ্র করে আয়োজিত না হলেও দেশটির পরিস্থিতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে আইএইএ’র আন্তর্জাতিক পরিদর্শকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি করতে পারছে না সংস্থাটি।

আইএইএ’র আশঙ্কা, পরিদর্শকদের প্রবেশাধিকার না থাকায় ইরানের ঘোষিত পারমাণবিক উপকরণ শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে কি না, কিংবা সেগুলোর কোনও অংশ অন্য কাজে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

সংস্থাটি ইরানকে পারমাণবিক নিরাপত্তা চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট বিধান মেনে চলার আহ্বান জানাতে চায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য ধাপে ধাপে অনুমতি দেওয়ারও আহ্বান জানাবে।

তবে তেহরানের বক্তব্য, পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার আগে চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যেন ভবিষ্যতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আবার হামলা না চালায়, সে বিষয়ে নিশ্চয়তা চায় দেশটি।

ইরানি কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আইএইএ’র পরিদর্শকেরা দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর তথ্য সংগ্রহ করেছেন এবং সেসব তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভাগাভাগি করেছেন।

এ অবিশ্বাসই এখন আন্তর্জাতিক পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা পুনরায় শুরুর পথে অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে তথ্য ভাগাভাগির এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিষয়:আইএইএ ইরান যুদ্ধ ২০২৬ পরমাণু স্থাপনা যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…