কপ-৩১ এ বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ-তুরস্কের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই

বর্জ্য ব্যবস্থাপনা ও শূন্য বর্জ্য উদ্যোগে সহযোগিতা জোরদার করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও তুরস্কের দুটি প্রতিষ্ঠান। তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে এ চুক্তি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের জিরো ওয়েস্ট মিউজিয়ামে স্থানীয় সময় বিকেল ৪টায় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম সাইফ কাদের রুবাব এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুসাব সুলেইমান ইলমাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের ব্যানারে দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের জলবায়ুবিষয়ক উদ্যোগ ‘ক্লিমা’র নামও উল্লেখ ছিল।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে যোগ দেন দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবায়াত মান্নান রাফি এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি ও কপ৩১-এর ক্লাইমেট হাই-লেভেল চ্যাম্পিয়ন সামেদ আগিরবাশ।
সমঝোতা স্মারকের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। এর আওতায় বর্জ্য কমানো, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং পরিবেশবান্ধব উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়ে কাজ করার কথা রয়েছে।
দুই প্রতিষ্ঠানের এই অংশীদারত্বের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে বৃহত্তর জলবায়ু কার্যক্রমের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর পর্যন্ত চলতি কপ-৩১ সম্মেলনে কোনো বাংলাদেশি ফাউন্ডেশনের স্বাক্ষর করা এটিই একমাত্র সমঝোতা স্মারক।





