ইরানে পরিবারের ‘সম্মান রক্ষায়’ অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যা, বাবা-মা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ইরানে তথাকথিত ‘অনার কিলিং’ বা পরিবারের সম্মান রক্ষার নামে ১৯ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। হেলিয়া ফাত্তাহি নামের ওই তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত বাবা-মাকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরান ইন্টারন্যাশনালের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের পশ্চিমাঞ্চলীয় সানান্দাজ শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন হেলিয়া। গত সপ্তাহে বিষয়টি পরিবারকে জানালে ক্ষুব্ধ হন তার বাবা-মা।
অভিযোগ রয়েছে, হেলিয়াকে জোর করে অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করানোর পাশাপাশি ব্যাপক মারধর করা হয়। পরে বালিশচাপা দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
এ ঘটনায় হেলিয়ার বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদে দুজনই মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মানবাধিকার সংস্থা হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত শনিবার (২১ নভেম্বর) হেলিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আদালতে গিয়েছিলেন তার বাবা-মা। সেখান থেকে বাড়ি ফেরার পর তাকে হত্যা করা হয়।
হেনগাও ও হানা নামের দুটি মানবাধিকার সংস্থা এ হত্যাকাণ্ডকে তথাকথিত ‘অনার কিলিং’ হিসেবে অভিহিত করেছে।
হেনগাও এক বিবৃতিতে বলেছে, পারিবারিক সহিংসতা থেকে নারী ও শিশুদের সুরক্ষায় কার্যকর আইন প্রণয়নে ইরানের ব্যর্থতা, আইনি ফাঁকফোকর এবং তথাকথিত সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ডে জড়িতদের লঘু শাস্তি নারীদের কাঠামোগত সহিংসতার ঝুঁকিতে ফেলছে। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে।
হেলিয়াকে হত্যার ঘটনায় ইরানে নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে দেশটিতে তরুণীর মৃত্যুর এমন তৃতীয় ঘটনা এটি।
গত ১৮ নভেম্বর ইরানের গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে সাবেক প্রেমিকের গুলিতে নিহত হন ২৩ বছর বয়সী সাদাফ হাঘবিন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এর আগে কেরমানশাহে সোগান্দ সায়াদি নামের ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রী ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যায়। দেশটির শিক্ষক সংগঠনগুলোর একটি জাতীয় নেটওয়ার্ক জানিয়েছে, বাবার সঙ্গে বাড়িতে পাঠানো হলে তাকে হত্যা করা হবে বলে স্কুল কর্তৃপক্ষকে আগেই জানিয়েছিল ওই শিক্ষার্থী।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে অনলাইনে প্রকাশিত একটি সংগীত পরিবেশনার ঘটনায় ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যকে ৭৪টি বেত্রাঘাতের শাস্তি কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত ওই সংগীত পরিবেশনা লাখ লাখ মানুষ দেখেছিলেন। এ ঘটনায় গত জুনে ২৯ বছর বয়সী আহমাদিসহ তার দলের সদস্যদের বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছিল।





