বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ: কারণ এখনও অজানা

সংগৃহীত।
চট্টগ্রাম নগরের হালিশহরের নিউ মুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার ২৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে দগ্ধ হয় তিন বছর বয়সী মেয়েসহ স্বামী-স্ত্রী। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আরিফ, তার স্ত্রী রাশেদা বেগম ও তাদের মেয়ে আরিফা বেগম। তাদের মধ্যে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং শিশুটির ৩৫ শতাংশ পুড়ে গেছে। আরিফ ও রাশেদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাদের মেয়েও একই হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেশায় রিকশাচালক আরিফ দুই মাস আগে ওই ভবনের নিচতলার বাসাটি ভাড়া নেন। মঙ্গলবার রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং বাসায় আগুন ধরে যায়। শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, গ্যাস থেকে নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।
ভবন মালিক হায়দার আলী বলেন, ভবনের বাসিন্দাদের ব্যবহারের জন্য বাইরে দুটি গ্যাসের চুলা রয়েছে। তবে আরিফের বাসায় কোনো গ্যাসের চুলা বা সিলিন্ডার ছিল না। বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নেওয়ার সময় আরিফ তাকে বৈদ্যুতিক পাখা বিস্ফোরিত হওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু পরে বাসায় ফিরে তিনি পাখা, টেলিভিশন ও বৈদ্যুতিক সংযোগ স্বাভাবিক দেখতে পান।
ভবন মালিকের ধারণা, আরিফ বাইরে থেকে কোনো বস্তু এনে বাসায় খোলার সময় বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর প্রকৃত কারণ জানা যাচ্ছে না।






