৩ ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশের আরিফ, বড় জরিমানাও

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বাংলাদেশের মোহাম্মদ আরিফ। তাতে বড় শাস্তির মুখে পড়েছেন অনূর্ধ্ব-১৭ দলের মিডফিল্ডার। তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করেছে এএফসি।
নিষিদ্ধের সঙ্গে তাকে ৩৫০ ডলার জরিমানাও করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার টাকা। সিদ্ধান্তটি জানানোর ৩০ দিনের মধ্যে আরিফকে এই জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছে এএফসি।
আরিফের লাল কার্ড নিয়ে সহকারী কোচ আতিকুর রহমান মিশু চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘এটা লাল কার্ডের মতো বড় ঘটনা ছিল না। সে শুধু বলটা একটু দূরে সরিয়ে দিয়েছিল। আমরা বেশ দূরে ছিলাম, তাই পুরো ঘটনা ঠিকমতো বুঝতে পারিনি। তবে এটা লাল কার্ড হওয়ার মতো কোন ঘটনা ছিল না আমার মতে।’
গত ৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হারে বাংলাদেশ। ম্যাচে ৭১ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে লাল কার্ড দেখেন আরিফ। পরে এএফসির ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটির তদন্তে তার বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ প্রমাণিত হয়।
এএফসির শাস্তির সিদ্ধান্ত অনুযায়ী, তিন ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে লাল কার্ডের কারণে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে। বাছাইপর্বে বাংলাদেশের তিন ম্যাচে ভুটান, ম্যাকাও ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে পারেননি আরিফ।






