কেন নীল হয়ে গিয়েছিল একটি পরিবারের সব সদস্যদের ত্বক?

যুক্তরাষ্ট্রের একটি পরিবারের ছবি। যাদের ত্বকের রং অস্বাভাবিক নীল।
যুক্তরাষ্ট্রের কেনটাকির একটি পরিবারের সদস্যদের ত্বকের রং ছিল অস্বাভাবিক নীল। প্রজন্মের পর প্রজন্ম আত্মীয়ের মধ্যে বিয়ের কারণে বিরল এক বংশগত রোগ ছড়িয়ে পড়েছিল পরিবারটিতে। চিকিৎসাবিজ্ঞানে এই ঘটনা পরিচিতি পায় ‘কেনটাকির নীল মানুষ’ নামে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৮২০ সালে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে আসেন মার্টিন ফুগেট। পরে তিনি এলিজাবেথ স্মিথ নামের এক মার্কিন নারীকে বিয়ে করেন। তাদের সাত সন্তানের মধ্যে চারজনের জন্ম হয় নীলচে ত্বক নিয়ে। সন্তানদের এমন শারীরিক বৈশিষ্ট্য দেখে বিস্মিত হন তাদের বাবা-মা।
পরিবারটি কেনটাকির দুর্গম গ্রামীণ এলাকা ট্রাবলসম ক্রিকে বসবাস করত। যোগাযোগব্যবস্থা ও বাইরের মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ সীমিত থাকায় ওই এলাকার কয়েকটি পরিবারের মধ্যেই বিয়ের প্রচলন বাড়ে। ফলে বংশগত রোগটি পরবর্তী প্রজন্মেও ছড়িয়ে পড়ে।
চিকিৎসাবিজ্ঞানে রোগটির নাম মেথেমোগ্লোবিনেমিয়া। এটি একটি বিরল রক্তের সমস্যা, যার কারণে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছানোর স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। এ রোগে আক্রান্ত ব্যক্তির ত্বক নীলচে হয়ে যেতে পারে।
১৯৬০ সালে রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ম্যাডিসন কাওয়েইন ও নার্স রুথ পেন্ডারগ্রাস নীলচে ত্বকের দুই ভাইবোন র্যাচেল ও প্যাট্রিক রিচির চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন।
গবেষণায় দেখা যায়, সাধারণ মানুষের রক্তে মেথেমোগ্লোবিনের পরিমাণ এক শতাংশের কম থাকলেও ফুগেট পরিবারের আক্রান্ত সদস্যদের ক্ষেত্রে তা ছিল ১০ থেকে ২০ শতাংশ। পরে চিকিৎসক কাওয়েইন জানতে পারেন, ওষুধের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।
সময়ের সঙ্গে পরিবারটির মধ্যে রোগটির বিস্তার কমে আসে। ১৯৭৫ সালে সর্বশেষ নীলচে ত্বকের সদস্যকে দেখা যাওয়ার তথ্য পাওয়া যায়।
এদিকে আত্মীয়ের মধ্যে বিয়ের কারণে বংশগত রোগের ঝুঁকি নতুন করে আলোচনায় এসেছে ভারতে। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্টে এ ধরনের বিয়ে নিয়ন্ত্রণে আইন করার বিষয়টি বিবেচনার আবেদন জানিয়েছেন বেঙ্গালুরুর আইনের শিক্ষার্থী চারভি এস।
আবেদনে বলা হয়েছে, রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হলে সন্তানের মধ্যে একই ধরনের প্রচ্ছন্ন জিনের উপস্থিতির আশঙ্কা বেড়ে যায়। এতে জন্মগত ত্রুটি, শ্রবণ ও দৃষ্টিশক্তির সমস্যা, বিকাশগত প্রতিবন্ধকতা এবং শিশুমৃত্যুর ঝুঁকি বাড়তে পারে।



