বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানা

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে মাইকিং করেছেন স্থানীয় ‘ফকির কমিটি’র সভাপতি আনোয়ার। তার ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না।
এ নিয়ম অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্প্রতি এ ঘোষণার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। কেউ এ নিয়ম ভঙ্গ করলে তাকে জরিমানা করা হবে। তার ঘোষণায় ১ হাজার ৫০০ টাকা জরিমানার কথাও উল্লেখ করা হয়। আনোয়ারের বাড়ি নকলা এলাকায়।
এমন ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে বিষয়টিকে দেখছেন।
আবার অনেকে প্রশ্ন তুলেছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত ক্ষমতা কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এমন কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।






