খুলনা

খুলনায় চাপাতি দিয়ে কুপিয়ে যুবককে হত্যা!

খুলনায় চাপাতি দিয়ে কুপিয়ে যুবককে হত্যা!

ছবি : সংগৃহীত।

খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের (চাপাতি) আঘাতে শহীদুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। মহানগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদসংলগ্ন এলাকায় এই হত্যাকান্ডের ঘটনাটি সংঘটিত হয়।

শনিবার(৩১ অক্টোবর) রাতে সংঘটিত এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত যুবকের বিরুদ্ধে সাতটি মাদক ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে অবস্থান করতেন। তবে মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে আসতেন। শনিবারও তিনি বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যায়। পথে হামলাকারীরা ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক শহীদুলকে মৃত ঘোষণা করে।

তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা এ হত্যার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও জড়িতদের পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত করছে।

এদিকে রাতের বেলায় মসজিদসংলগ্ন এলাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

বিষয়:অপরাধী উদ্বেগ খুলনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল শহীদুল ইসলাম হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…