হেলমেট পরা দুজন দুর্বৃত্ত খুলনার বিএনপি নেতাকে গুলি করে হত্যা করল

খুলনার রূপসা উপজেলায় মোহাম্মদ জাকির হোসেন (৪৩) নামে একজন বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হীরকের দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। নিহত জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে এবং টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই। পেশায় তিনি একজন ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি ঘটনাস্থলে আসে। তারা হীরকের দোকানের পাশে মোটরসাইকেল রেখে একজন দোকানের ভেতরে প্রবেশ করে। এসময় জাকির হোসেনকে লক্ষ্য করে মাথায় গুলি চালিয়ে দ্রুত মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি চালায়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। হত্যার কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।





